টেকনাফে গহীন পাহাড় থেকে শিশুসহ ৩১ জনকে উদ্ধার
মালয়েশিয়ায় পাচারের কথা বলে তাদেরকে সেখানে জড়ো করা হয়েছিল বলে র্যাবের ভাষ্য।
কক্সবাজারের টেকনাফে গহীন পাহাড় থেকে শিশুসহ ৩১ জনকে উদ্ধার করা হয়েছে। যাদেরকে মালয়েশিয়ায় পাচারের কথা বলে সেখানে জড়ো করা হয়েছিল বলে র্যাবের ভাষ্য।
রোববার মধ্যরাতে উপজেলার বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকার পাহাড়ে অভিযান চালিয়ে তাদের উদ্ধারের পাশাপাশি দুই পাচারকারীকে আটক করা হয়।
সোমবার রাত ১০টায় এ তথ্য জানিয়েছেন র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের জ্যেষ্ঠ সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) ও সহকারী পুলিশ সুপার দেবজিত পাল।
উদ্ধার হওয়াদের মধ্যে ২৬ জন রোহিঙ্গা ও পাঁচজন বাংলাদেশি। তাদের মধ্যে পাঁচজন পুরুষ, তিনজন নারী ও শিশু ২৩ জন।
আটকরা হলেন- উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের পানখালী এলাকার প্রয়াত অছিউর রহমানের ছেলে মোহাম্মদ আনোয়ার (৪৪) এবং টেকনাফ সদর ইউনিয়নের উত্তর লম্বরী এলাকার প্রয়াত মোহাম্মদ রফিকের ছেলে মোহাম্মদ আইয়ুব (৩৬)।
উদ্ধার হওয়া বাংলাদেশিরা হলেন- মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের কায়কোবাদ এলাকার আব্দুল কাদেরের ছেলে মোহাম্মদ রফিকুল ইসলাম (২৭), একই এলাকার নজির আহমদের ছেলে মোহাম্মদ শহিদ (১৭), একই ইউনিয়নের সাদেকেরকাটা এলাকার মো. ফরিদের ছেলে এলাকার মো. গিয়াস উদ্দিন (২২), চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মকশেট আজম এলাকার আবুল কালামের ছেলে আতিকুর রহমান (২২) এবং টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর এলাকার মো. সাব্বিরের ছেলে হাসনা বেগম (১৮)।
তবে উদ্ধার হওয়া রোহিঙ্গা নারী ও শিশুর পরিচয় জানায়নি র্যাব।
সহকারী পুলিশ সুপার দেবজিত পাল বলেন, ১২ নভেম্বর উখিয়ার মোছাখোলা এলাকার এখলাছ মিয়া ও তার এক চাচাতো ভাইসহ কয়েক বন্ধু মিলে টেকনাফের বেড়াতে যান। এক পর্যায়ে তারা বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকার মেরিন ড্রাইভে ঘুরতে যায়।
“বিকাল সাড়ে ৫টার দিকে মেরিন ড্রাইভে ছবি তোলার সময় অজ্ঞাতপরিচয় ছয় থেকে সাতজন অস্ত্রের মুখে তাদের জিম্মি করে চোখ বেঁধে ফেলে। পরে তাদের একটি পাহাড়ের চূড়ায় নিয়ে যাওয়া হয়।
“সেখানে ছোট একটি ঘরে আগে থেকে ৪০ থেকে ৪৫ জন নারী, পুরুষ ও শিশু অবস্থান করতে দেখতে পান তারা।”
ভুক্তভোগী এখলাছ মিয়ার বরাতে র্যাব কর্মকর্তা বলেন, “মানব পাচারকারীরা এখলাছকে মারধর করে তার কাছে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। এক পর্যায়ে পরিবারের সঙ্গে যোগাযোগ করেও মুক্তিপণ না পাওয়ায় পাচারকারীরা ক্ষিপ্ত হয়ে উঠে।
“পরে তাকেসহ ১৫ থেকে ২০ জনকে মালয়েশিয়ায় পাচারের জন্য ওই খুপরি ঘর থেকে সাগর পাড়ে ট্রলারের কাছে নিয়ে যায়। এ সময় এখলাছ সেখান থেকে কৌশলে পালিয়ে এসে বিষয়টি র্যাবকে জানায়।”
তিনি বলেন, রোববার মধ্যরাতে পাহাড়ে অভিযান চালায় র্যাবের একটি দল। এ সময় সন্দেহজনক কয়েকজন পালানোর চেষ্টার করলে র্যাব সদস্যরা ধাওয়া দিয়ে দুইজনকে আটক করে। পরে ঘটনাস্থল থেকে নারী ও শিশুসহ ৩১ জনকে উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়াদের বরাতে দেবজিত পাল বলেন, “সাগরপথে মালয়েশিয়া নেওয়ার কথা বলে পাচারকারীরা তাদের সেখানে নিয়ে জিম্মি করে রাখে। পরে স্বজনদের কাছ থেকে জনপ্রতি এক লাখ টাকা করে মুক্তিপণ আদায় করে।
“আর যারা মুক্তিপণ দিতে ব্যর্থ হয়, তাদের মালয়েশিয়ায় পাচারের নামে অন্য কোথাও নিয়ে জিম্মি করে রাখা হত।”
আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।
