১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

গাইবান্ধায় ভোটকেন্দ্রে জামায়াত কর্মীকে হত্যার ১০ বছর পর মামলা

মামলায় সাবেক এমপি প্রয়াত লিটনের স্ত্রীসহ আওয়ামী লীগের ৭৯ জনকে আসামি করা হয়েছে।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2024, 09:13 PM

Updated : 26 Aug 2026, 10:47 AM

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ভোটকেন্দ্রে জামায়াতের এক কর্মীকে কুপিয়ে হত্যার ঘটনার ১০ বছর পর মামলা করা হয়েছে।

মঙ্গলবার রাতে নিহতের ছোট ভাই এস এম শাহজাহান কবির বাদী হয়ে মামলাটি করেন বলে জানান সুন্দরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সেলিম রেজা।

২০১৪ সালের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনের দিন জামায়াত কর্মী শাহাবুল ইসলামকে (৩৮) কুপিয়ে হত্যার করা হয়।

মামলায় সাবেক সংসদ সদস্য প্রয়াত মঞ্জুরুল ইসলাম লিটনের স্ত্রী সৈয়দা খুরশিদ জাহান স্মৃতিসহ আওয়ামী লীগের ৭৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরও ৪০ থেকে ৫০ জনকে আসামি করা হয়েছে।

মামলার বরাতে বৃহস্পতিবার বিকালে সেলিম রেজা জানান, ২০১৪ সালের ৫ জানুয়ারি জামায়াত কর্মী শাহাবুল ইসলাম ও মিজানুর রহমান ভোট দিতে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মনমথ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে যান। ভোটকেন্দ্রের বাইরে তাদেরকে দেখে আওয়ামী লীগের নেতাকর্মীরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। 

সেই সময় মামলার আসামিসহ অজ্ঞাত পরিচয় ৪০ থেকে ৫০ জন দেশি অস্ত্র নিয়ে মিজানুরের ওপর হামলা চালায়। নিজেকে বাঁচাতে একটি বাঁশঝাড়ে আশ্রয় নেন মিজানুর। পরে আসামিরা তাকে ঘিরে ধরে হত্যার উদ্দেশে এলোপাতাড়ি কোপাতে থাকেন। সেই সময় মিজানুরকে রক্ষা করতে শাহাবুল এগিয়ে যান।

এক পর্যায়ে আসামিরা দেশি অস্ত্র দিয়ে শাহাবুলকেও এলোপাতাড়ি আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হয়ে লুটিয়ে পড়েন। পরে আসামিরা উপর্যুপরি কুপিয়ে তার মৃত্যু নিশ্চিত করেন। সেইসঙ্গে গুরুতর আহত মিজানুরকে মৃত ভেবে আসামিরা চলে যান।

পরে এলাকাবাসী মিজানুর ও শাহাবুলকে উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক শাহাবুলকে মৃত ঘোষণা করেন। এ ছাড়া গুরুতর আহত মিজানুরকে উন্নত চিকিৎসার জন্য রংপুরে পাঠানো হয়।

সুন্দরগঞ্জ থানার ওসি আব্দুল হাকিম আজাদ জানান, মামলার তদন্ত শুরু করেছে পুলিশ। দ্রুত আসামিদের গ্রেপ্তার করা হবে।