২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় পিস্তল ও গুলিসহ স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা গ্রেপ্তার

তার কাছ থেকে ১১ রাউন্ড তাজা গুলি ও একটি চায়না পিস্তল উদ্ধার করা হয়েছে, বলছে পুলিশ।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2025, 10:23 AM

Updated : 26 Aug 2026, 05:14 PM

দলীয় বহিষ্কারাদেশ তুলে নেওয়ার দুই সপ্তাহ পর মাগুরায় বিদেশি পিস্তল ও গুলিসহ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আশরাফুজ্জামান শামিমকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

মঙ্গলবার শহরের ভায়না এলাকার নিজ বাড়ি থেকে শামিমকে গ্রেপ্তার করা হয় বলে সদর থানার ওসি মো. আইয়ুব আলী জানিয়েছেন।

শামিম ওই এলাকার বাকী চোপদারের ছেলে।

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চলতি বছরের ২২ জানুয়ারি শামিমকে দল থেকে বহিষ্কার করা হয়। এ ঘটনার পর দলীয় সদস্য পদ ফিরে পাওয়ার আবেদন করা হলে ১৭ নভেম্বর তার বহিষ্কারাদেশ তুলে নেওয়া হয়। 

ওসি আইয়ুব আলী বলেন, “যৌথবাহিনীর সদস্যরা তাকে গ্রেপ্তার করে সদর থানায় হস্তান্তর করে। তার কাছ থেকে একটি অবৈধ চায়না পিস্তল, ১১ রাউন্ড তাজা গুলি ও একটি চাকু উদ্ধার করা হয়।”

এ ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।  

এ বিষয়ে জানতে চাইলে মাগুরা জেলা বিএনপির সভাপতি আলী আহমেদ বলেন, “আমি ৪-৫ দিন ধরে ঢাকায় অবস্থান করছি।”

তিনি এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি।

পরে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গোলাম জাহিদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনিও কোনো মন্তব্য করতে রাজি হননি।