বাগেরহাটে বিএনপি নেতা হত্যা: আদালতে ২ আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি
মাদক, লুটপাট ও চাঁদাবাজি নিয়ে ফেইসবুকে কথা বলা তিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে ধারণা পুলিশের।
বাগেরহাট শহরে বিএনপি নেতা এ এস এম হায়াত উদ্দিন হত্যা মামলায় গ্রেপ্তার দুই যুবক আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
সোমবার সন্ধ্যায় বাগেরহাটের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম হারুন অর রশিদের আদালতে আসামিদের হাজির করা হলে তারা হত্যার কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন বলে জানান জেলা গোয়েন্দা পুলিশের এসআই স্নেহাশিস দাশ।
গ্রেপ্তাররা হলেন- সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়নের গোপালকাঠি গ্রামের মো. শহীদুল হাওলাদারের ছেলে মো. ওমর ফারুক ওরফে ইমন হাওলাদার (২৫) এবং একই গ্রামের মো. আব্দুল হাইয়ের ছেলে মো. আশিকুল ইসলাম ওরফে আশিক (২৫)।
সোমবার সকালে তাদের ঢাকার আশুলিয়া এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তবে এজাহারনামীয় কোনো আসামিকে এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
এর আগে শুক্রবার সন্ধ্যায় শহরের উত্তর হাড়িখালী এলাকার তিন রাস্তার মোড়ে একটি চায়ের দোকানে হায়াতকে (৪২) কুপিয়ে হত্যা করে একদল লোক। তিনি ‘দৈনিক ভোরের চেতনা’ পত্রিকার নিজস্ব প্রতিবেদক ছিলেন।
এ ছাড়া হায়াত বাগেরহাট পৌর বিএনপির সাবেক সদস্য। সম্প্রতি তিনি বাগেরহাট পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন।
হত্যার একদিন পর হায়াতের মা হাসিনা বেগম বাদী হয়ে সাতজনের নামসহ অজ্ঞাত পরিচয় আরও ১০ থেকে ১২ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। তবে মামলাটি গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
মঙ্গলবার দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা এসআই স্নেহাশিস দাশ বলেন, ঢাকার আশুলিয়া এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ওমর ফারুক ও আশিককে গ্রেপ্তার করা হয়। পরে তারা হায়াত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দেন।
“জবানবন্দিতে তারা বলেন, সম্প্রতি হায়াত তার ফেইসবুকে মাদক, লুটপাট, চাঁদাবাজি নিয়ে বেশ সরব ছিলেন; যা তারা অনেকেই মেনে নিতে পারেননি। এ নিয়ে বিরোধের জেরে গ্রেপ্তার দুই যুবকসহ অন্য আসামিরা পূর্ব পরিকল্পিতভাবে তিনটি মোটরসাইকেলে করে এসে সাংবাদিক হায়াতকে কুপিয়ে জখম করে পালিয়ে যান।”
তিনি বলেন, তাদের দেওয়া জবানবন্দির ভিত্তিতে মামলার তদন্ত চলছে। আদালত থেকে আসামিদের কারাগারে পাঠানো হয়েছে। এজাহারভুক্ত আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
বাকি আসামিদের ধরতে পারলে হত্যাকাণ্ডের আসল রহস্য উদঘাটন করা সম্ভব হবে বলে ধারণা এ পুলিশ কর্মকর্তার।
