২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে চায়ের দোকানে বসে থাকা বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

নিহত ব্যক্তি সম্প্রতি বাগেরহাট পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন।

বাগেরহাটে চায়ের দোকানে বসে থাকা বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা
এএসএম হায়াত উদ্দিন

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2025, 11:26 PM

Updated : 26 Aug 2026, 02:24 PM

বাগেরহাট শহরে চায়ের দোকানে বসে থাকা বিএনপির এক নেতা খুন হয়েছেন, যাকে মোটরসাইকেলে করে এসে কয়েকজন যুবক কুপিয়ে ফেলে রেখে চলে যান।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের উত্তর হাড়িখালীর তিন রাস্তার মোড়ে হত্যাকাণ্ডের এ ঘটনার তথ্য দিয়েছেন সদর মডেল থানার ওসি মো. মাহমুদ-উল-হাসান।

নিহত এএসএম হায়াত উদ্দিন (৪৩) পৌর বিএনপির কমিটির সাবেক সদস্য ছিলেন। তিনি সম্প্রতি বাগেরহাট পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন।

এর আগে স্থানীয় ছাত্রদল ও যুবদলের কর্মী ছিলেন তিনি।

কুপিয়ে হত্যাকাণ্ডের এ ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পূর্ব বিরোধের জেরে তাকে হত্যা করা হয়েছে বলে পুলিশ দাবি করলেও সেই বিরোধ কী তা তাৎক্ষণিকভাবে বলতে পারেননি তারা।

নিহত হায়াত উদ্দিন বাগেরহাট শহরের উত্তর হাড়িখালী এলাকার শেখ নিজাম উদ্দিনের ছেলে। ঢাকা থেকে প্রকাশিত দৈনিক ভোরের চেতনা নামের একটি পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবেও পরিচয় দিতেন হায়াত বলে তার পরিচিতজনরা বলছেন।

স্থানীয়দের বরাতে ওসি মাহমুদ বলেন, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চায়ের দোকানে বসে ছিলেন হায়াত উদ্দিন। হঠাৎ চার-পাঁচজন যুবক দুটি মোটরসাইকেলে করে এসে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে রেখে চলে যায়। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যার হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

তিনি বলেন, খুলনা মেডিকেল কলেজে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত আনা হয়েছে বলে জানান। তার লাশ এ হাসপাতালে রয়েছে।

ওসি বলেন, পূর্ব বিরোধের জেরে এ হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে। কী কারণে হায়াতকে হত্যা করা হয়েছে তা তদন্ত করে বলা যাবে।