Published : 10 Aug 2025, 04:44 PM
সন্ত্রাস বিরোধী আইনের মামলার আসামি ও নবগঠিত তৃণমূল জাতীয় শ্রমিক লীগের সভাপতিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার ভোরে কাপাসিয়ায় গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশের ওসি মোহাম্মদ হাসমত উল্লাহ।
গ্রেপ্তার জালাল উদ্দিন কাপাসিয়া উপজেলা কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক ও নবসৃষ্ট তৃণমূল জাতীয় শ্রমিক লীগের ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটির সভাপতি।
পুলিশ জানায়, ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে গত ৮ জুলাই রাজধানীর ভাটারা থানাধীন বসুন্ধরা এলাকায় কে.বি কনভেনশন সেন্টারে নিষিদ্ধ ছাত্রলীগ একটি গোপন বৈঠক আয়োজন করে। ওইদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত চলা বৈঠকে নিষিদ্ধ ছাত্রলীগ, আওয়ামী লীগ ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীসহ তিন/চার শ'জন অংশ নেয়।
সেখানে সরকারবিরোধী বিভিন্ন গোপন পরিকল্পনা করা হয়। এ ঘটনায় ঢাকা মহানগরের ভাটারা থানায় ১৩ জুলাই সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়েছে। গ্রেপ্তার জালাল সরকার সে মামলার আসামি।
রোববার তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানিয়েছেন জেলা গোয়েন্দা পুলিশের ওসি মোহাম্মদ হাসমত উল্লাহ।