পাবনায় ‘আধিপত্য বিস্তার’ নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষে যুবক নিহত
একদিন আগে ইসলামি জলসার নিয়ন্ত্রণ নিয়ে বাকবিতণ্ডার জেরে সকালে দুপক্ষের লোকজন সংঘর্ষে জড়ান বলে জানিয়েছে পুলিশ।
পাবনা সদরে ‘আধিপত্য বিস্তারকে’ কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন উভয়পক্ষের অন্তত দশজন।
শনিবার দুপুরে সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের বেতেপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন পাবনা সদর থানার ওসি আব্দুল সালাম।
নিহত জালাল উদ্দিন (৪০) ওই ইউনিয়নের কাজীপাড়ার শুকুর আলীর ছেলে। তবে তাৎক্ষণিক আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। তারা সদর হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আওয়ামী লীগ সরকারের পতনের পর হেমায়েতপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেমের সঙ্গে জেলা বিএনপির সাবেক সদস্য ও ইউপি চেয়ারম্যান মুন্তাজ আলী দ্বন্দ্ব চলছিল।
এর মধ্যে শুক্রবার রাতে ওই এলাকায় ইসলামি জলসার নিয়ন্ত্রণ নিয়ে দুপক্ষের লোকজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। এরই জেরে শনিবার সকালে দুপক্ষের লোকজন দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ান।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করায়। আহতদের মধ্যে জালালের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পথে দুপুর ১টার দিকে তিনি মারা যান।
ওসি আব্দুল সালাম জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরবর্তী সহিংসতা এড়াতে ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
পাবনা জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম বলেন, “জেলায় বিএনপির পূর্ণাঙ্গ কমিটি নেই। এই সুযোগে অনেকেই নিজেদেরকে নেতা পরিচয় দিয়ে বিভিন্ন ধরনের কাজকর্ম করছেন।
“এসব কর্মকাণ্ডের দায়ভার দলের নয়। বিএনপির কর্মী-সমর্থক বেশি থাকায় স্থানীয় যে কোনো অপকর্মকে দলীয়ভাবে রং দেওয়ার চেষ্টা চলছে। মূলত সন্ত্রাসীরা কেউ বিএনপি বা কোনো দলের নয়।”
পাবনা জেলা বিএনপির সদস্যসচিব মাসুদ খন্দকার বলেন, “আমি বিষয়টি জানি না। খোঁজখবর নিয়ে দেখব। তবে, যদি বিএনপির কেউ এ ধরনের অপকর্ম করে থাকে তাহলে দলীয়ভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”
এ বিষয়ে জানতে বিএনপি নেতা মুন্তাজ আলী এবং আবুল হাসেমের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তাদের নম্বর বন্ধ পাওয়া গেছে।
