২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুন্দরবনে বাঘটির মৃত্যু ‘হিটস্ট্রোকে’

ময়নাতদন্ত শেষে বাঘটিকে করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে মাটিচাপা দেওয়া হয়।

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2024, 05:15 PM

Updated : 10 Sep 2026, 12:04 PM

সুন্দরবনের খালে মৃত অবস্থায় পাওয়া রয়েল বেঙ্গল টাইগারের ময়নাতদন্ত হয়েছে।

প্রচণ্ড তাপদাহে ‘হিটস্ট্রোকে’ বাঘটি মারা গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ময়নাতদন্তকারী দল।

মঙ্গলবার বিকালে সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের জোংড়ার খালে ভাসমান অবস্থায় বাঘটির মৃতদেহ উদ্ধার করে বনবিভাগ।

রাতেই চাঁদপাই রেঞ্জের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে প্রাণিসম্পদ বিভাগ বাঘটির ময়নাতদন্ত করে। পরে বাঘটিকে প্রজনন কেন্দ্রে মাটিচাপা দেওয়া হয়।

চাঁদপাই রেঞ্জের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির বলেন, “বাঘ সাধারণত ১৬ থেকে ১৮ বছর বয়স পর্যন্ত বাঁচে। বাঘটির বয়স আনুমানিক ১১ থেকে ১২ বছর। মারা যাওয়া বাঘটি পূর্ণবয়স্ক ছিল।

মৃত্যুর কারণ জানতে চাইলে আজাদ বলেন, “প্রচণ্ড তাপদাহ চলছে; হিটস্ট্রোকেও বাঘটির মৃত্যু হতে পারে।”

সুন্দরবনের খালে বাঘের মৃতদেহ

বাঘটির দৈর্ঘ্য ৭ ফুট ৮ ইঞ্চি এবং উচ্চতা ৩ ফুট ছিল জানিয়ে তিনি বলেন, বাঘটির মৃত্যুর আসল কারণ জানতে শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গের নমুনা সংগ্রহ করে ঢাকার ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে।

২০১৯ সালের ২০ অগাস্ট সুন্দরবনের শরণখোলা রেঞ্জের ছাপড়াখালীর বন থেকে একটি, ২০২০ সালের ৩ ফেব্রুয়ারি একই রেঞ্জের কোকিলমনি টহল ফাঁড়ি সংলগ্ন কবরখালি খালের চর থেকে একটি এবং ২০২৪ সালের ১৩ ফেব্রুয়ারি একই রেঞ্জের ভোলা নদের ধুনচেবাড়িয়ার চর এলাকা থেকে একটি মৃত বাঘ উদ্ধার করে বনবিভাগ।