সাভারে ‘ঝটিকা মিছিলের চেষ্টার’ অভিযোগে সাতজন আটক, লাঠি-ব্যানার জব্দ
তিনটি মাইক্রোবাসে করে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও কৃষক লীগের নেতাকর্মীরা যাচ্ছিলেন।
সাভারে ‘ঝটিকা মিছিলের চেষ্টার’ অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের সাত নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
এ সময় তাদের বহনকারী একটি মাইক্রোবাস থেকে পাঁচটি বাঁশের লাঠি ও একটি ব্যানার জব্দ করা হয়।
রোববার সকালে সাভার পৌর এলাকার আনন্দপুরের চৌধুরী পেট্রোল পাম্পসংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়ক থেকে তাদের আটক করা হয় বলে জানান সাভার মডেল থানার ওসি সাইফুল আলম।
আটকরা হলেন- সাভার ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক শেখ তুহিন (৩৩), যুবলীগ কর্মী রাজু (৩৯), রুহুল আমিন রাজীব (৩৮), মো. আরিফুল হোসেন (২৫), মোহাম্মদ আলী (৩৫), মো. মুরাদ হোসেন (৪৪) ও কৃষক লীগের সদস্য আনোয়ার হোসেন (৫০)।
পুলিশ জানায়, ঝটিকা মিছিলের জন্য তিনটি মাইক্রোবাসে করে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও কৃষক লীগের নেতাকর্মীরা যাচ্ছিলেন। খবর পেয়ে একটি মাইক্রোবাসে অভিযান চালিয়ে সাত নেতাকর্মীকে আটক করা হয়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্য দুটি মাইক্রোবাস পালিয়ে যায়। পরে আটক ব্যক্তিদের মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে লাঠি ও ব্যানারগুলো জব্দ করা হয়।
ওসি সাইফুল আলম বলেন, মহাসড়কে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের চেষ্টা করছিলেন বলে আটক ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে।
