২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাকসু নির্বাচনে নারী প্রার্থী এত কম কেন?

“নারী প্রার্থী দাঁড়ালে এক ধরনের বুলিংয়ের বিষয় থাকে। অনেকদিন ধরে যেহেতু ছাত্র সংসদের নির্বাচন হয় না, ওই কালচারটাই আসলে তৈরি হয় নাই।”

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2026, 11:40 AM

Updated : 26 Aug 2026, 05:34 PM

দীর্ঘ ২৮ বছর পর অনুষ্ঠেয় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-শাকসু নির্বাচনে নারী ভোটারদের সংখ্যা উল্লেখযোগ্য হলেও প্রার্থী হিসেবে তাদের অংশগ্রহণ ন্যূনতম।

পড়াশোনার ব্যস্ততা, পরিবারের অনীহা, নিরাপত্তার শঙ্কা, সাইবার বুলিং ও কাঠামোগত ছাত্ররাজনীতির সংস্কৃতিকে এর প্রধান কারণ হিসেবে দেখছেন শিক্ষাবিদ ও সংশ্লিষ্টরা।

কেন্দ্রীয় সংসদে ভিপি, জিএস ও এজিএস-সহ ১৮টি সম্পাদকীয় পদ এবং পাঁচটি সদস্য পদসহ মোট পদ ২৩টি। এতে মোট ৯৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন; যাদের মধ্যে নারী প্রার্থী ৭ জন।

ওই সাত নারী প্রার্থীদের মধ্যে শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত ‘ছাত্রী বিষয়ক সম্পাদক পদে’ চারজন, আইন ও মানবাধিকার সম্পাদক পদে একজন ও সদস্যপদে দুইজন প্রতিদ্বন্দিতা করছেন।

কেন্দ্রীয় সংসদে নারী প্রার্থী কম হওয়ার কারণ হিসেবে শাবির ফটোগ্রাফি অ্যাসোসিয়েশনের সভাপতি রুবাইয়া নাসরিন বলেন, “আমাদের ক্যাম্পাসের অনেক মেয়েই পড়াশোনা, গবেষণা বা একাডেমিক কাজের দিকে বেশি মনোনিবেশ করে। মেয়েদের মধ্যে পরিবারের সমস্যা বা মানসিক চাপের মতো বিষয়গুলোও বেশি দেখা যায়।

“এ কারণে অনেক সময় তারা বুলিংয়ের শিকার হয়। এ ছাড়া রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিলে অনেক সময় মেয়েদেরকে ভালো চোখে দেখা হয় না।”

ছাত্রী বিষয়ক সম্পাদক পদে যারা নির্বাচন করছেন

ছাত্রদল সমর্থিত ‘সম্মিলিত সাস্টিয়ান ঐক্য’ প্যানেল থেকে বাংলা বিভাগের শিক্ষার্থী মাহমুদা রিয়া, ছাত্রশিবির সমর্থিত ‘দুর্বার সাস্টিয়ান ঐক্য’ প্যানেল থেকে পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আমিনা বেগম, স্বতন্ত্রপ্রার্থীদের নিয়ে গঠিত ‘সাধারণের ঐক্যস্বর’ প্যানেল থেকে অর্থনীতি বিভাগের শিক্ষার্থী সুইটি আক্তার এবং স্বতন্ত্র সাস্টিয়ান জোট থেকে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নুসরাত জাহান সুমাইয়া। 

বাকি তিনজন হলেন

‘সাধারণের ঐক্যস্বর’ প্যানেল থেকে আইন ও মানবাধিকার পদে অর্থনীতি বিভাগের শিক্ষার্থী তাছমিমা মাহফুজ জেরিন, ছাত্রশিবির সমর্থিত ‘দুর্বার সাস্টিয়ান ঐক্য’ প্যানেলে সদস্য পদে লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী সুমাইয়া নাভা ও সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী আদিবা সালেহা।

নির্বাচন কমিশনের তথ্য

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, শাকসুতে মোট ভোটার ৯ হাজার ১৫ জন। এর মধ্যে নারী ভোটার ৩ হাজার ২১০ জন; যা মোট ভোটারের প্রায় ৩৫ দশমিক ৬ শতাংশ।

আর শাকসুতে মোট ৯৭ জন প্রার্থীর মধ্যে নারী প্রার্থী রয়েছেন ৭ জন; যা মোট প্রার্থীর প্রায় ৭ দশমিক ২ শতাংশ।

প্রথম দিকে কেন্দ্রীয় সংসদে মনোনয়নপত্র তুলেছিলেন ১৫ জন প্রার্থী, কিন্তু জমা দেন সাতজন। বাকি আটজন তাদের মনোনয়নপত্র জমা দেননি।

কি বলছেন প্রার্থী ও বিশ্লেষকরা

‘সাধারণের ঐক্যস্বর প্যানেল’ থেকে আইন ও মানবাধিকার সম্পাদক পদের প্রার্থী তাছমিমা মাহফুজ জেরিন বলেন, “নরমালি নারীরা সিকিউরিটি এমনি ফোকাসে রাখে। খুব বেশি একটা সামনে আসার চেষ্টা করে না। ওরা একটু প্রাইভেসি মেইনটেইন করার চেষ্টা করে।”

তিনি বলেন, “আমাদের ক্যাম্পাসে নারীরা যখন আগেও সক্রিয়ভাবে কথা বলেছে, তখন দেখা গেছে ধীরে ধীরে দলীয় রাজনীতির প্রভাব ঢুকে পড়েছে এবং দলীয় এজেন্ডা বাস্তবায়নের প্রবণতা বেড়েছে। এতে শিক্ষার্থীদের প্রকৃত দাবিগুলো বাস্তবায়িত হয়নি। ফলে অনেক নারী শিক্ষার্থী শাকসুকে শিক্ষার্থীদের প্রতিনিধি সংগঠন হিসেবে নয়, বরং দলীয় রাজনৈতিক কাঠামো হিসেবেই দেখতে শুরু করেছে।”

রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক নজরুল ইসলাম বলেন, “মেয়েরা সাধারণত পড়াশোনা নিয়ে একটু বেশি ব্যস্ত। কাজেই এ ধরনের দায়িত্ব পালনে চ্যালেঞ্জ আছে, ঝুঁকি আছে। আবার তাদের পরিবার থেকে অনেক সময় এটা পছন্দ করে না।

“কারণ, আমরা এখনো মোটামুটি ‘কনজারভেটিজমের’ মধ্যে আছি। যে কারণে হয়তো পরিবার থেকেও মেয়েদেরকে সেভাবে উৎসাহ দেওয়া হয় না।”

তিনি বলেন, “আরেকটা কারণ হচ্ছে, বেশ কয়েক মাস ধরে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যেসব নারী প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন, অনেক সময় তারা অনলাইন বা অফলাইনে নানা রকম ওই যে স্লাট শেমিং ও হয়রানির শিকার হয়েছেন। এটাও তাদেরকে হয়তো নিরুৎসাহিত করতে পারে আমার ধারণা।

“তবে এটাও ঠিক যে, ২৮ বছর পরে একটা নির্বাচন হচ্ছে। হয়তো ভবিষ্যতে মেয়েদের অংশগ্রহণ বাড়বে। মেয়েরা কিভাবে রোল প্লে করতে পারে বা তারা কিভাবে কাজ করতে পারে। এগুলো দেখে হয়তো ভবিষ্যতে বেশি পরিমাণে নারী শিক্ষার্থীদের আগ্রহ জন্মাবে।”

পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক জায়েদা শারমিন বলেন, “প্রথমত নারী প্রার্থী দাঁড়ালে এক ধরনের বুলিংয়ের বিষয় থাকে। অনেক দিন ধরে যেহেতু ছাত্র সংসদের যে নির্বাচন হয় না, ওই কালচারটাই আসলে তৈরি হয় নাই। নারীদের মধ্যে এক ধরনের ভয় থাকে।

“ভোটের সঙ্গে কিছুটা টাকা-পয়সার বিষয় জড়িত থাকে। মানে আমরা স্বীকার করি বা না করি, প্রচারের সময় ভোট চাইতে গিয়ে ওই টাকা-পয়সার বিষয়টি তাদের জন্য একটু চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়।”

তিনি বলেন, “রাজনৈতিক দলের প্যানেলের সঙ্গে প্রচ্ছন্ন সমর্থন থাকে, সেটা নারীদের ক্ষেত্রে অনেক সময় কম হয়। অন্যদিকে যারা একেবারেই ডেডিকেটেডভাবে কোনো দলের সঙ্গে এফিলিয়েটেড, তারা দাঁড়ালে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে দেখেছি তাদের একটি দৃঢ় সাপোর্ট থাকে। কিন্তু যারা ব্যক্তিগতভাবে দাঁড়ায়, তাদের ক্ষেত্রে অর্থনৈতিক সাপোর্টের অভাব বড় একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়।”

দলীয় রাজনীতি প্রাধান্য পাওয়ায় শিক্ষার্থীদের প্রকৃত দাবি উপেক্ষিত হয়েছে, এতে নারী ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ছাত্ররাজনীতি ও শাকসু নিয়ে অনীহা তৈরি হয়েছে বলে মনে করেন অধ্যাপক জায়েদা শারমিন।

তিনি বলেন, “শিক্ষার্থীদের প্রকৃত দাবিগুলো সেভাবে বাস্তবায়ন হয়নি। এতে নারীরা হোক বা সাধারণ শিক্ষার্থী সবার মধ্যেই ছাত্ররাজনীতি নিয়ে এক ধরনের অনীহা তৈরি হয়েছে।

“ফলে শাকসুকে এখন অনেকেই শিক্ষার্থীদের অধিকার রক্ষার সংগঠন হিসেবে না দেখে দলীয় রাজনীতির একটি প্ল্যাটফর্ম হিসেবেই দেখছেন।”

হল সংসদ

সহসভাপতি, সাধারণ সম্পাদক, সহসাধারণ সম্পাদক, ক্রীড়া সম্পাদক, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক, সমাজসেবা সম্পাদক ও তিনটি সদস্য পদসহ মেয়েদের প্রত্যেক হলে মোট নয়টি পদ রয়েছে।

মেয়েদের তিনটি হল সংসদ মিলে মোট প্রার্থী ৩১ জন, যেখানে তিনটি হলের ৯টি করে মোট পদ হল ২৭টি।

মেয়েদের হল সংসদে কোনো দলীয় বা স্বতন্ত্র প্যানেল ঘোষণা করেনি প্রার্থীরা। ফলে সব প্রার্থীরাই তাদের স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাবি করে নির্বাচন করছেন। তবে এসব প্রার্থীর মধ্যে বেশিরভাগই ‘ইসলামী ছাত্রী সংস্থার’ সমর্থিত প্রার্থী।

এ বিষয়ে ছাত্রশিবির সমর্থিত প্যানেল ‘দুর্বার সাস্টিয়ান ঐক্যের’ ছাত্রী বিষয়ক সম্পাদক প্রার্থী ও শাবিপ্রবি শাখার ‘ইসলামী ছাত্রী সংস্থার’ সভানেত্রী আমিনা বেগম বলেন, “হল সংসদগুলোতে বেশিরভাগ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন করছেন। এ কারণে আমরা হল সংসদে কোনো ধরনের প্যানেল ঘোষণা করেনি।”

‘আয়েশা সিদ্দিকা’ হলে ৯টি পদে মোট ১০ জন প্রার্থী। সমাজসেবা পদে প্রার্থী ২ জন। ভিপিসহ বাকি পদগুলোতে একজন করে প্রার্থী।

তারা হলেন- ভিপি পদে জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগের শিক্ষার্থী কুরসি তুয়া, জিএস পদে সমাজবিজ্ঞান বিভাগের তানিয়া আক্তার, এজিএস পদে সমাজবিজ্ঞানের নূসরাত জাহান মিম, ক্রীড়া সম্পাদক পদে পলিটিক্যাল স্টাডিজ বিভাগের ছাবিরা আক্তার প্রিয়াংকা, সাহিত্য সাংস্কৃতিক পদে ইংরেজি বিভাগের মুনিরাহ্ নূর বিনতে মনোয়ার, সমাজসেবা সম্পাদক পদে পেট্রোলিয়াম ও খনিপ্রকৌশল বিভাগের মোছা জুঁই আকতার মারফি ও পলিটিক্যাল স্টাডিজ বিভাগের সীমা আক্তার।

সদস্যপদে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নুসরাতুল মোমিনিন, পলিটিক্যাল স্টাডিজ বিভাগের নাইমা বেগম ও অর্থনীতি বিভাগের মাইয়া জান্নাত সুমা নির্বাচন করছেন।

হল সংসদের নারী প্রার্থী কম থাকার বিষয়ে আয়েশা সিদ্দিকা হলের জিএস প্রার্থী তানিয়া আক্তার বলেন, “আমরা দেখেছি অন্যান্য বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে নারী প্রার্থী বুলিং, ট্যাগিং ও নানা হয়রানির শিকার হয়েছে। আমাদের বিশ্ববিদ্যালয়ে সেসবের প্রভাব পড়েছে।

“সে কারণে আমার ব্যক্তিগতভাবে মনে হয় মেয়েরা এসব কারণে নির্বাচনে আসার আগ্রহ দেখায়নি। এজন্য বেশিরভাগ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতছেন। আবার অনেকগুলো পদ খালি।”

‘বেগম সিরাজুন্নেসা চৌধুরী’ হলে ৯টি পদে প্রার্থী ১১ জন। এরমধ্যে ভিপি পদে ৩ জন প্রার্থী ছাড়া অন্যান্য পদে প্রতিদ্বন্দ্বী নেই।

এ হলে ভিপি পদে তিনজন প্রার্থী হলেন- সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী মার্জিয়া সুলতানা পিংকি, জৈবরসায়ন ও আণবিক জীববিদ্যা বিভাগের শিক্ষার্থী মহুয়া মৃন্ময় ও সমাজকর্ম বিভাগের জান্নাতুল সুমাইয়া মাফি বিন্তে মুজিবুর।

বাকিপদগুলো একজন করে প্রার্থী হয়েছেন। তারা হলেন- সাধারণ সম্পাদক পদে গণিত বিভাগের শিক্ষার্থী ফাবিয়া আক্তার, সহ সাধারণ সম্পাদক পদে ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী নুসরাত জাহান, ক্রীড়া সম্পাদক পদে রসায়ন বিভাগের শিক্ষার্থী সুমাইয়া আক্তার, সাহিত্য ও সাংস্কৃতিক পদে কেমি কৌশল ও পলিমার বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শাফিকা আলম।

তিনটি সদস্য পদে অর্থনীতি বিভাগের শিক্ষার্থী আবিদা খান মৌ, পলিটিক্যাল স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ঊর্মি আক্তার ও কেমি কৌশল ও পলিমার বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ইশরাত জাহান।

‘ফাতেমা-তুজ-জাহরা হলের’ প্রার্থী ১০ জন। এরমধ্যে ক্রীড়া সম্পাদকে কোনো প্রার্থী নেই এবং সদস্য পদে ২ জন প্রার্থী। ভিপি পদে ৩ জন ও জিএস পদে ২ জন প্রার্থী রয়েছেন। বাকি পদগুলোতে একজন করে প্রার্থী।

ভিপি পদে সহ-সভাপতি পদে ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী ফাতেমা বেগম, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের নাজমুন নাহার ও ব্যবসা প্রশাসন বিভাগ শিক্ষার্থী তানিয়া আজায়, সাধারণ সম্পাদক পদে প্রার্থী ইংরেজি বিভাগের শিক্ষার্থী নাযীরা, পলিটিক্যাল স্টাডিজ বিভাগের মুপুর খানম, সহ-সাধারণ সম্পাদক পদে বন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তানজিলা ইয়াসমিন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে লোকপ্রশাসন বিভাগ শামিরা নওশিন শুদ্রা, সমাজসেবা সম্পাদক পদে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের শিক্ষার্থী নওশিন মুত্তারি এবং সদস্য পদে সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী মানিয়াম জামিনা ও জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগের শিক্ষার্থী তাসফিয়া তাসনীম নির্বাচন করছেন।

হল সংসদের কম নারী প্রার্থী হওয়ার বিষয়ে বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রাধ্যক্ষ অধ্যাপক সাবিহা আফরিন বলেন, “ইলেকশনের শুরুতে আমরা মেয়েদের মধ্যে ভাল আগ্রহ দেখেছিলাম। এটার কারণ হতে সংশ্লিষ্ট সংগঠনগুলো থেকে উৎসাহ করে নাই।

“দ্বিতীয় কারণ হতে পারে প্রথম ইলেকশন হিসেবে ছাত্রীরা অবজারভ করতে চাচ্ছে। আর যারা স্বতন্ত্রপ্রার্থী হবে, তাদেরও একটা সাপোর্ট প্রয়োজন, যেটা মেয়েদের থাকে না স্বতন্ত্র থেকে গেলে।”

কেন্দ্রীয় ছাত্র সংসদের সদস্যপদের মোট পদ ৫টি। এসবপদে মোট প্রার্থী হয়েছেন ২৮ জন। এরমধ্যে নারী প্রার্থী মাত্র ২ জন। 

তারা হলেন- ছাত্রশিবির সমর্থিত প্যানেল থেকে সদস্য পদে প্রার্থী সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী আদিবা সালেহা ও লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী সুমাইয়া নাভা।

এর আগে জাকসু ও রাকসু নির্বাচনেও নারী প্রার্থী কম অংশ গ্রহণের পেছনে ‘সাইবার বুলিং, অনলাইন ট্যাগিং ও স্লাট-শেমিং’-এর মতো প্রবণতা এবং ‘ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে উদ্বেগ’কে প্রধান কারণ হিসেবে চিহ্নিত করেছেন বিশ্লেষকরা।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, ২০ জানুয়ারি শাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে।

জাকসু: নারী হলে দেড়শ পদের মধ্যে মাত্র ৩৪টিতে ভোট

রাকসু নির্বাচনে নারী প্রার্থীর সংখ্যায় হতাশা, নেপথ্যে কী

জাকসু নির্বাচনে ছাত্রীরা 'কোণঠাসা', কেমন হবে ভোট?