২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুর সদরে নির্বাচিত হয়েছেন শাজাহান খানের ছেলে আসিব

নির্বাচনে আসিব খান ৭৫ হাজার ৫৯৪ ভোট পেয়েছেন। আর পাভেলুর রহমান শফিক খান পেয়েছেন ৬১ হাজার ৩০৩ ভোট।

মাদারীপুর সদরে নির্বাচিত হয়েছেন শাজাহান খানের ছেলে আসিব
আসিবুর রহমান আসিব খান।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2024, 02:00 AM

Updated : 10 Sep 2026, 12:05 PM

উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে মাদারীপুর সদরে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সংসদ সদস্য শাজাহান খানের ছেলে আসিবুর রহমান আসিব খান। 

দিনভর ভোট শেষে বুধবার রাতে মাদারীপুর জেলা নির্বাচন অফিসার মো. আহম্মদ আলী বেসরকারিভাবে তাকে চেয়ারম্যান নির্বাচিত ঘোষণা করেছেন।

আসিবুর রহমান আসিব খান মাদারীপুর-২ (রাজৈর-সদর একাংশ) আসনের টানা আটবারের সংসদ সদস্য ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খানের বড় ছেলে। যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আসিব প্রথমবারের মত উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিয়েছেন।

নির্বাচনে আসিবের একমাত্র প্রতিদ্বন্দ্বী শাজাহান খানের চাচাত ভাই ও মাদারীপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান।

ঘোষিত ফলাফলে জানা গেছে, নির্বাচনে আসিব খান ৭৫ হাজার ৫৯৪ ভোট পেয়েছেন। আর পাভেলুর রহমান শফিক খান পেয়েছেন ৬১ হাজার ৩০৩ ভোট। 

এদিকে এই উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে ৬০ হাজার ১০৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মনিরুল ইসলাম তুষার ভূইয়া। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মনিরুজ্জামান আক্তার হাওলাদার পেয়েছেন ৪৭ হাজার ২০৪ ভোট। 

মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন ফারিয়া হাসান রাখি। তিনি ৫৬ হাজার ৬৬৭ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফারজানা নাজনিন পেয়েছেন ৪২ হাজার ৪২০ ভোট।

মাদারীপুর জেলা নির্বাচন অফিসার মো. আহম্মদ আলী জানান, ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত ২৮৩ দশমিক ১৪ কিলোমিটার আয়তনের সদর উপজেলায় বুধবার সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন ভোট গ্রহণ হয়েছে।