১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

নাটোরে বাস কাউন্টারের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ১০

এ সময় দুটি বাস কাউন্টার, একটি চা দোকান ও তিনটি মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটে।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2026, 07:57 PM

Updated : 16 Sep 2026, 12:58 PM

নাটোরের বড়াইগ্রামে কাউন্টারের নিয়ন্ত্রণ ও বাসে যাত্রী তোলা নিয়ে বিএনপির দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। 

এ সময় দুটি বাস কাউন্টার, একটি চা দোকান ও তিনটি মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

বুধবার দুপুরে উপজেলার বনপাড়া বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বড়াইগ্রাম থানার ওসি মো. শফিকুল ইসলাম।

আহতরা হলেন- উপজেলার কালিকাপুরের সিয়াম হোসেন (৩৬), বনপাড়া পৌর বিএনপির ৭ নম্বর ওয়ার্ড সভাপতি আকতার হোসেন (৫২), ৯ নম্বর ওয়ার্ড সভাপতি রবিউল ইসলাম মৃধা (৫৫), পৌর কৃষক দলের সভাপতি মমতাজউদ্দিন শেখ (৫৪)। বাকিদের নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সন্ধ্যায় বনপাড়া বাইপাস এলাকায় বিআরটিসি বাস কাউন্টার ও পাবনা-কুষ্টিয়ার লোকাল বাস কাউন্টারের শ্রমিকদের মধ্যে যাত্রী ওঠা-নামা নিয়ে বিরোধ তৈরি হয়। এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। 

এ সময় বিআরটিসির কাউন্টার ভাঙচুরসহ কাউন্টার মাস্টার নয়ন হোসেন (৩৫) ও বনপাড়া পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হোসেন আলী ফকির (৫৬) আহত হন। 

এ ঘটনার জেরে বুধবার দুপুরে হোসেন আলীর পক্ষের লোকজন কালিকাপুরের সিয়ামকে মারপিট করেন। সেই খবর ছড়িয়ে পড়লে কালিকাপুর ও বনপাড়া সরদারপাড়া এলাকার বিএনপি নেতাকর্মীরা এক হয়ে পাল্টা হামলা চালান। এতে বিএনপির সাত নেতাকর্মী আহত হন।

খবর পেয়ে পুলিশ ও র‍্যাব ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে স্থানীয়দের সহযোগিতায় আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল, বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়। 

ওসি শফিকুল ইসলাম বলেন, কাউন্টারে যাত্রী ওঠানো নিয়ে এ ঘটনা ঘটেছে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এদিন বিকালে নাটোর জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম ও জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সানোয়ার হোসেন তুষার ঘটনাস্থল পরিদর্শন করে নেতাকর্মীদের শান্ত থাকতে থাকার আহ্বান জানিয়েছেন।