১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

খুলনায় মোটরসাইকেলে এসে গুলি করে শ্রমিককে হত্যা

ঘটনার পরপর পুলিশের টহল দল হামলাকারীদের ধাওয়া করলেও আটক করতে পারেনি।

খুলনায় মোটরসাইকেলে এসে গুলি করে শ্রমিককে হত্যা
খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 12 Sep 2026, 04:23 PM

Updated : 17 Sep 2026, 02:58 AM

প্রতিনিধি. খুলনার দৌলতপুর উপজেলায় একটি মোটরসাইকেলে আসা তিন ব্যক্তি গুলি করে এক শ্রমিককে হত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ।

শনিবার সকাল ৮টার দিকে কুলিবাগান মোড়ে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন দৌলতপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. জাহিদুল ইসলাম।

নিহত আব্দুল জলিল মুন্সি (৩৫) কুলিবাগান এলাকার দিল মুন্সির ছেলে। তিনি ইস্পাহানী জুট প্রেসে শ্রমিক হিসেবে কাজ করতেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কুলিবাগান মোড়ে দাঁড়িয়ে ছিলেন জলিল। এ সময় মোটরসাইকেলে করে আসা তিন ব্যক্তি তাকে লক্ষ্য করে পরপর দুটি গুলি করে পালিয়ে যায়।

স্থানীয়রা গুলিবিদ্ধ জলিলকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ সময় পুলিশের টহল দল হামলাকারীদের ধাওয়া করলেও কাউকে আটক করতে পারেনি।

খুলনা মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) সুদর্শন কুমার রায় বলেন, হত্যার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। প্রাথমিকভাবে মাদকসংক্রান্ত লেনদেনকে কেন্দ্র করে হত্যাকাণ্ডটি ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

খুলনা মহানগর পুলিশের অপরাধ তদন্ত বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত খুলনা নগরে ২৫টি হত্যাকাণ্ড ঘটেছে।

অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) এম এম শাকিলুজ্জামান বলেন, এসব হত্যাকাণ্ডের অধিকাংশের পেছনে মাদক নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারের বিষয় রয়েছে।

ঘটনাগুলোর সঙ্গে জড়িতদের অধিকাংশকে গ্রেপ্তার করা হয়েছে দাবি করে তিনি বলেন, কয়েক দিন আগে নগর থেকে আটটি অস্ত্রও উদ্ধার করা হয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

খুলনায় চারটি মোটরসাইকেলে এসে যুবককে কুপিয়ে হত্যা