মাগুরা-২: দলীয় মনোনয়ন না পেলেও ভোট করার ঘোষণা দিলেন কামাল
নিতাই রায়ের মনোনয়ন বাতিলের দাবিতে ডাকা জনসভায় এ ঘোষণা দেন বিএনপির সাবেক এ সংসদ সদস্য।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন না পেলেও মাগুরা-২ আসন থেকে ভোট করার ঘোষণা দিয়েছেন সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামাল। তবে এ আসন থেকে বিএনপির মনোনয়ন পেয়েছেন নিতাই রায় চৌধুরী।
মঙ্গলবার বিকালে শালিখা উপজেলার আড়পাড়া হাই স্কুল মাঠে নিতাই রায়ের মনোনয়ন বাতিলের দাবিতে ডাকা জনসভায় এ ঘোষণা দেন মাগুরা জেলা বিএনপির সাবেক সভাপতি কামাল।
জনসভায় তিনি দাবি করেন, শালিখা ও মহম্মদপুরের সাবেক দুই উপজেলা চেয়ারম্যান, ১৯টি মধ্যে ১৮টি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং ওয়ার্ড বিএনপির ৫১৩ জন সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের মধ্যে ৫০১ জন নিতাই রায়ের মনোনয়ন বাতিল চেয়ে কেন্দ্রীয় নেতাদের কাছে লিখিত আবেদন করেছেন।
এরপরও যদি কেন্দ্রীয় কমিটি নিতাই রায়ের মনোনয়ন বাতিল না করে তাহলে, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের করবেন বলে জানান বিএনপির সাবেক সংসদ সদস্য কাজী কামাল।
শালিখা উপজেলা বিএনপির আয়োজনে জনসভায় মহম্মদপুর উপজেলার নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
শালিখা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মুন্সি আনিসুর রহমান মিলটনের সভাপতিত্বে এতে শালিখা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোজাফফর হোসেন টুকু, মহম্মদপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খান বাচ্চু, সাবেক সভাপতি গোলাম আযম সাবু, সাধারণ সম্পাদক আকতার হোসেন এবং দক্ষিণ মাগুরা শাখা বিএনপির সাবেক সভাপতি মো. সাজ্জাদ হোসেন বক্তব্য দেন।
