গাজীপুরে পোশাককর্মীকে ‘গলা কেটে হত্যা,’ স্বামী আটক
পুলিশ দরজা ভেঙে ঘরে ঢুকতে চাইলে যুবক নিজের গলায় ছুরি ধরে আত্মহত্যার হুমকি দেন।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার তৈরি পোশাককর্মী স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগে স্বামীকে আটক করেছে পুলিশ।
বুধবার সকাল ১০টার দিকে উপজেলার হরিণটি এলাকায় এ ঘটনা ঘটে বলে কালিয়াকৈর থানার পরিদর্শক (তদন্ত) মো. আবুল বাশার জানান।
আটক মো. রুবেল (৩০) গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ফুলাহার গ্রামের আশরাফের ছেলে।
তার স্ত্রী শামসুনাহার (২৪) কালিয়াকৈরের হরিণটি এলাকায় একটি পোশাক তৈরির কারখানায় চাকরি করার সুবাদে স্বামী-স্ত্রী ভাড়া বাসায় থাকতেন।
থানার পরিদর্শক বাশার জানান, স্ত্রীকে হত্যার পর রুবেল ঘরের দরজা আটকিয়ে ভেতরেই ছিলেন। অনেক বেলা পর্যন্ত দরজা বন্ধ দেখে সন্দেহ হলে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গেলেও রুবেল দরজা খুলতে রাজি হননি। ফায়ার সার্ভিসের সহযোগিতায় পুলিশ ঘরের দরজা ভাঙতে চাইলে তিনি (রুবেল) নিজের গলায় ছুরি ধরে আত্মহত্যার হুমকি দেন।
পরে প্রায় চার ঘণ্টার চেষ্টায় তাকে আটক করা হয় দাবি করে আবুল বাশার জানান, স্থানীয়রা বলছে, রুবেল মাদকাসক্ত। ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে সে তার স্ত্রীকে হত্যা করেছে।
এ বিষয়ে আইনী পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে পুলিশের এ কর্মকর্তা জানান।
