খুলনায় গুলিবিদ্ধ যুবককে ঢাকায় নেওয়ার পথে অ্যাম্বুলেন্সে ফের গুলি
আহত যুবকের বিরুদ্ধে লবণচরা থানায় চারটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
খুলনা নগরে গুলিবিদ্ধ এক যুবককে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তাকে বহনকারী অ্যাম্বুলেন্সে আবার গুলির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনা কেউ হতাহত হয়নি।
পুলিশ জানিয়েছে, ওই যুবকের বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় হত্যা, ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। এর মধ্যে লবণচরা থানায় তার বিরুদ্ধে চারটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
সোমবার রাতে অ্যাম্বুলেন্সটি রূপসা উপজেলার কুদির বটতলা এলাকায় পৌঁছালে গুলি চালানো হয় বলে দাবি স্বজনদের। তবে এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেনি পুলিশ।
আহত রাজু হাওলাদার (৩৮) লবণচরা থানার শিপইয়ার্ড এলাকার মাস্টার গলির বাসিন্দা ইউনুস হাওলাদারের ছেলে।
লবণচরা থানার ওসি সৈয়দ মোশারেফ হোসেন বলেন, “রাজুর ওপর কখন ও কোথায় গুলির ঘটনা ঘটেছে এখনো স্পষ্ট নয়। রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে পাওয়া যায়। তার পেটে গুলির চিহ্ন ছিল। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়।”
তিনি বলেন, ঘটনার নেপথ্যের কারণ ও জড়িতদের শনাক্ত করতে কাজ করছে পুলিশ। তবে অ্যাম্বুলেন্সে গুলির ঘটনার বিষয়ে তেমন কিছু বলতে পারেননি তিনি।
পুলিশ জানায়, সোমবার নগরের লবণচরা থানার কোবা মসজিদ-সংলগ্ন এলাকায় গুলিবিদ্ধ হন রাজু। গুরুতর অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তবে কখন ও কীভাবে তিনি গুলিবিদ্ধ হয়েছেন, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
রাজুর শারীরিক অবস্থার অবনতি হলে রাত সাড়ে ১২টার দিকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত হয়। তাকে বহনকারী অ্যাম্বুলেন্সটি ঢাকা যাওয়ার পথে গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ ওঠে।
গুলিবিদ্ধ এক রোগীকে ঢাকায় নেওয়ার পথে অ্যাম্বুলেন্স লক্ষ্য করে গুলি চালানো খবর পাওয়ার কথা বলেছেন কাটাখালী হাইওয়ে থানার ওসি মো. জাফর আহম্মেদ।
তিনি বলেন, “ভুক্তভোগীরা আমাদের কাছে বিষয়টি জানিয়ে বাড়তি নিরাপত্তা চান। আমরা পুলিশি নিরাপত্তা দিয়ে তাদের থানা এলাকা পার করে দেই। তবে গুলির ঘটনায় কেউ ক্ষতিগ্রস্ত হয়নি।”
খুলনা মহানগর পুলিশের সহকারী কমিশনার শিহাব করীম বলেন, “গুলিবিদ্ধ যুবকের বিরুদ্ধে কয়েকটি মামলার তথ্য পেয়েছি। তবে গুলির ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।”
