গাইবান্ধায় দুই বাইকের সংঘর্ষে আহত আরোহীর মৃত্যু
একদিন আগে ওষুধ নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে বিপরীত দিক থেকে আসা অপর মোটরসাইকেলের সংঘর্ষ হয় বলে জানায় পুলিশ।
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত এক আরোহী মারা গেছেন।
একদিন আগের ঘটনায় বৃহস্পতিবার সকালে রংপুর ডক্টরস ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে জানিয়েছেন পলাশবাড়ী থানার ওসি আরজু মো. সাজ্জাদ হোসেন।
নিহত স্বদেশ চন্দ্র (২৩) উপজেলার মহদীপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের সুদেব চন্দ্রের ছেলে।
ওসি সাজ্জাদ হোসেন বলেন, বুধবার বিকালে স্বদেশ ওষুধ নিয়ে পলাশবাড়ী শহর থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে বগুড়া বাসস্ট্যান্ড এলাকায় বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
আহত স্বদেশকে উদ্ধার করে রংপুরে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়; সেখানে চিকিৎসাধীন বৃহস্পতিবার মারা যান বলে জানান তিনি।
