শেখ হাসিনার বিরুদ্ধে নরসিংদীতে হত্যা মামলা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সময় ১৯ জুলাই শহরের জেলখানার মোড়ে গুলিবিদ্ধ হওয়ার তিন দিন পর মারা যান আজিজুল।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সময় নরসিংদী শহরে ডাব বিক্রেতা আজিজুল মিয়া নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে।
শেখ হাসিনা ছাড়াও মামলায় সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন, সাবেক ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) হারুণ অর-রশিদসহ ৮১ জনকে আসামি করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে নিহত আজিজুল মিয়ার বাবা আলমাছ মিয়া বাদী হয়ে হত্যা-বিস্ফোরণসহ কয়েকটি অভিযোগে নরসিংদীর মুখ্য বিচারিক হাকিম আদালতে মামলার আবেদন করেন।
পরে বিচারক নাহিদ মিয়াজী বিষয়টি আমলে নিয়ে মামলাটি নথিভুক্ত করতে নরসিংদী মডেল থানার ওসিকে নির্দেশ দেন বলে জানান নরসিংদীর আইনজীবী সমিতির সভাপতি কাজী নাজমুল ইসলাম।
মামলায় ৮১ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত পরিচয় আরও ৫০০ জনকে আসামি করা হয়েছে।
মামলায় নরসিংদী সদর আসনের সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট কর্নেল (অব.) নজরুল ইসলাম হিরো, জেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান, জেলা আওয়ামী লীগের সভাপতি জি এম তালেব হোসেন এবং সাধারণ সম্পাদক পীরজাদা মোহাম্মদ আলীকে আসামি করা হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সময় ১৯ জুলাই নরসিংদী শহরের জেলখানার মোড়ে গুলিবিদ্ধ হন আজিজুল। পরে ২২ জুলাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
আরও পড়ুন:
