১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

দীপু হত্যা: ‘স্লোগান দিয়ে উস্কানি দেওয়া’ আরও ২ জন গ্রেপ্তার

আলোচিত এই হত্যাকাণ্ডে এখন পর্যন্ত মোট ২৫ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2026, 12:52 PM

Updated : 26 Aug 2026, 03:05 PM

ময়মনসিংহের ভালুকায় চাঞ্চল্যকর দীপু চন্দ্র দাস হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত আরও দুই আসামিকে গ্রেপ্তারের খবর জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবদুল্লাহ আল মামুন জানান, আগের রাতে ভালুকার পৃথক দুটি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

তারা হলেন- ভালুকার বাটাজোর ডাকুরিয়া এলাকার সিয়াম আহম্মেদ (১৯) ও হবিরবাড়ী ইউনিয়নের কড়ইতলা মোড় এলাকার আব্দুল্লাহ (২৮)।

পুলিশ বলছে, দীপু চন্দ্র দাস হত্যার পর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় জড়িতদের শনাক্ত করা হয়।

এর ধারাবাহিকতায় বুধবার রাত সাড়ে ৮টার দিকে বাটাজোর ডাকুরিয়া এলাকা থেকে সিয়ামকে এবং রাত ১০টার দিকে জামিরদিয়া এলাকা থেকে আব্দুল্লাহকে গ্রেপ্তার করেন তারা।

প্রাথমিক তদন্তের বরাতে অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন বলেন, “ঘটনার দিন দীপু চন্দ্র দাসের মরদেহ স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় সড়কের পাশের একটি গাছে ঝুলানো ছিল। এ সময় গ্রেপ্তার দুই আসামি ঘটনাস্থলে উপস্থিত থেকে রশি টেনে মরদেহ নিয়ে স্লোগান দেন এবং উপস্থিত জনতাকে উত্তেজিত করেন।”

এছাড়া তারা জনতাকে উস্কানি দিয়ে মরদেহের ওপর নির্যাতন চালাতেও ভূমিকা রাখেন বলেও ডিবি পুলিশের বরাতে জানিয়েছেন এ পুলিশ কর্মকর্তা। 

তিনি বলেন, আলোচিত এই হত্যাকাণ্ডে এখন পর্যন্ত মোট ২৫ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ১২ জন আসামি ইতোমধ্যে আদালতে নিজেদের দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। 

আরও খবর-

দিপু হত্যা: 'স্লোগানের মাধ্যমে উসকানি দেওয়া' যুবক গ্রেপ্তার