Published : 25 Jan 2026, 12:34 AM
ময়মনসিংহের ভালুকায় পোশাক শ্রমিক দিপু চন্দ্র দাসকে হত্যার পর মরদেহ পুড়িয়ে দেওয়ার ঘটনায় আরেকজনকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে পুলিশ।
গ্রেপ্তার হওয়া যুবকের নাম মো. রাজিব (২২)। শনিবার বিকালে গাজীপুরের শ্রীপুর উপজেলার নগর হাউলা এলাকা থেকে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা তাকে গ্রেপ্তার করেন।
তিনি ময়মনসিংহের ভালুকা উপজেলার কাশর পূর্বপাড়া গ্রামের বাসিন্দা।

অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন, “রাজিব ঘটনাস্থলে উপস্থিত থেকে সক্রিয় ভূমিকা পালন করে। তিনি রশি দিয়ে লাশ ঝুলানো অবস্থায় স্লোগান দিয়ে উপস্থিত অন্যদের উসকানি দেন। দিপুর উপর সংঘটিত অমানবিক নির্যাতনে তিনি সহযোগিতা করেন।”

দিপু চন্দ্র দাস হত্যা মামলার এ পর্যন্ত ২৩ জনকে গ্রেপ্তার করা হলো। এর মধ্যে ১১ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
ধর্ম অবমাননার অভিযোগ তুলে গত ১৮ ডিসেম্বর দিপু দাসকে হত্যার পর লাশ রশি দিয়ে বেঁধে গাছে ঝুলিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়।
ঘটনার পরদিন দিপুর ছোট ভাই অপু চন্দ্র দাস বাদী হয়ে অজ্ঞাত পরিচয় ১৫০ জনকে আসামি করে ভালুকা থানায় মামলা করেন।
দিপু দাস হত্যা: লাশ গাছে ঝোলাতে 'সহায়তাকারী' অনিক গ্রেপ্তার
দিপু দাসকে উত্তেজিত জনতার হাতে তুলে দেন ফ্লোর ইনচার্জ: র্যাব