ময়মনসিংহে ‘ছিনতাইকারীর’ ছুরিকাঘাতে যুবক নিহত
আগের বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে, বলেন এসআই শফিক।
ময়মনসিংহ নগরীতে ‘ছিনতাইকারীর’ ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন।
রোববার সন্ধ্যা ৭টার দিকে নগরীর ১৯ নম্বর ওয়ার্ডের বলাশপুর এলাকায় এই ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত আরিফ মিয়া (৪০) সে এলাকার আব্দুল কাদিরের ছেলে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) শফিক উদ্দিন সাংবাদিকদের বলেন, আগের বিরোধের জেরে আরিফকে হত্যার ঘটনা ঘটে। আরিফের মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আরিফের স্বজনরা বলছেন, ‘ছিনতাইকারীর’ নাম সাখাওয়াত হোসেন সাগর। তিনি একই এলাকার সুরুজ আলী ছেলে।
তার ভাতিজা দিদার বলেন, ৯ জুন রাতে তার আরেক চাচা আক্রাম হোসেন বাড়ি ফিরছিলেন। সাগর তার পথরোধ করে ছুরি ঠেকিয়ে ৩৫ হাজার টাকা ও একটি মোবাইল রেখে দেয়। বিষয়টি জানার পর ১১ জুন তারা আরিফকে নিয়ে সাগরের বাড়িতে যান। সেখানে আরিফকে ছুরিকাঘাত করেন সাগর। পরে হাসপাতালে নিয়ে চিকিৎসা দিলে তিনি সুস্থ হয়ে উঠেন।
তিনি বলেন, এ ঘটনায় থানায় একটি অভিযোগ করা হয়েছে। পরে স্থানীয়দের অনুরোধে সালিশে বিষয়টি মীমাংসা হওয়ার কথা ছিল। কিন্তু, রোববার সন্ধ্যায় সাগরের সাথে আরিফের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তার বুকে ছুরি দিয়ে আঘাত করেন সাগর। এতে ঘটনাস্থলেই আরিফ মারা যান।
এ ঘটনায় রাত ১১টা পর্যন্ত মামলা হয়নি।
কোতোয়ালী মডেল থানার ওসি শিবিরুল ইসলাম বলেন, সাগরকে গ্রেপ্তারে অভিযান চলছে।
