২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

বন্ধুদের সঙ্গে সাগরে গোসলে নেমে মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু

মাহমুদুর রহমান ও তার বন্ধুরা মিলে সৈকতে কিছু সময় ফুটবল খেলে। পরে সবাই সাগরে গোসলে নামে।

বন্ধুদের সঙ্গে সাগরে গোসলে নেমে মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু
মাহমুদুর রহমান।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2024, 03:47 PM

Updated : 26 Aug 2026, 10:47 AM

কক্সবাজারে সাগরে গোসলে নেমে এক মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শনিবার বেলা সাড়ে ১২টায় কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে এ ঘটনা ঘটে বলে জানান জেলা প্রশাসনের পর্যটন শাখার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর হোসেন।

মারা যাওয়া মাহমুদুর রহমান (১৬) কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের বাংলাবাজার এলাকার দিদারুল আলমের ছেলে এবং স্থানীয় জুমছড়ি দাখিল মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাতে তানভীর হোসেন বলেন, শনিবার সকালে মাহমুদুর রহমানসহ ছয় বন্ধু সমুদ্র সৈকতে ঘুরতে আসে। তারা সৈকতের সুগন্ধা পয়েন্টে পৌঁছার পর বন্ধুরা মিলে কিছু সময় ফুটবল খেলে। পরে সবাই সাগরে গোসলে নামে।

“মাহমুদুরের বন্ধুরা জানিয়েছে, গোসলের এক পর্যায়ে মাহমুদুর রহমান পানিতে তলিয়ে যায়। সে স্রোতে ভেসে যেতে থাকলে বন্ধুদের শোর-চিৎকারে লাইফগার্ড ও বিচ কর্মীরা এগিয়ে এসে মুর্মূষাবস্থায় তাকে উদ্ধার করে।“

পরে তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান পর্যটন শাখার এ নির্বাহী ম্যাজিস্ট্রেট।

তানভীর হোসেন জানান, মৃতদেহটি কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তা স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।