পাবনায় আওয়ামী লীগ অফিসে পতাকা: পর দিন অগ্নিসংযোগ, ছাত্রলীগের মিছিল
প্রতিবাদ মিছিলের আগে তারা দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে।
পাবনা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে জাতীয় পতাকা উত্তোলনের ২৪ ঘণ্টা পার না হতেই পুনরায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
শনিবার বিকালে একদল যুবক কার্যালয়ের ভেতরে টায়ার জ্বালিয়ে আগুন ধরিয়ে দেয়।
পরে এ ঘটনার প্রতিবাদে শহরের প্রধান সড়কে ঝটিকা মিছিল করেছে ছাত্রলীগ। এর আগে তারা দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে।
২০২৪ সালের ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই শহরের আব্দুল হামিদ সড়কে অবস্থিত জেলা আওয়ামী লীগ কার্যালয়টি পরিত্যক্ত অবস্থায় ভবঘুরে ও নেশাখোরদের আস্তানায় পরিণত হয়েছিল।
শুক্রবার বিকালে আকস্মিকভাবে জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট তৌফিক ইমাম খান, উপজেলা ও পৌর আওয়ামী লীগের কয়েকজন নেতার নেতৃত্বে একদল কর্মী কার্যালয়ে প্রবেশ করেন। তারা সেখানে জাতীয় পতাকা উত্তোলন করেন এবং ‘জয় বাংলা’ স্লোগান দেন।
এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শহরজুড়ে আলোচনার সৃষ্টি হয়।
এ ঘটনার রেশ কাটতে না কাটতেই শনিবার বিকালে একদল যুবক টায়ার নিয়ে কার্যালয়টিতে প্রবেশ করেন। ভেতরে পোড়ানোর মত তেমন কিছু অবশিষ্ট না থাকায় তারা টায়ার জ্বালিয়ে ভেতরে আগুন ধরিয়ে দেয় এবং কিছুক্ষণ উল্লাস করে স্থান ত্যাগ করেন।
এ সময় নিচতলার দুটি কক্ষ থেকে ধোঁয়া বের হচ্ছিল এবং চারপাশে পোড়া গন্ধ ছড়িয়ে পড়ছিল। উৎসুক জনতা দূর থেকে আগুন জ্বলতে দেখলেও কাউকে তা নেভানোর উদ্যোগ নিতে দেখা যায়নি।
এ ঘটনার পর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ (কার্যালয়ে অগ্নিসংযোগের প্রতিবাদে) বিকালেই পাবনা শহরে ঝটিকা মিছিল বের করে। ছাত্রলীগের মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করার কিছু সময় পর ছত্রভঙ্গ হয়ে যায়। এর আগে দলীয় কার্যালয়ে নেতা-কর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং রাজনৈতিক প্রতিহিংসার বিরুদ্ধে স্লোগান দেন।
এ প্রসঙ্গে পাবনা সদর থানার ওসি মো. দুলাল হোসেন বলেন, “বিষয়টি আমরা নজরদারিতে রেখেছি। শহরের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। যেকোনো ধরনের বিশৃঙ্খলা বা বেআইনি কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
