০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

সাধারণ মানুষের জানমালের ক্ষতি হলে ব্যবস্থা: আইনমন্ত্রী

“আমার বিশ্বাস নতুন প্রজন্মের ছাত্র-ছাত্রীরা সর্বোচ্চ আদালতের আদেশ মেনে অবশ্যই ঘরে ফিরে যাবে।”

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2024, 03:35 PM

Updated : 26 Aug 2026, 09:59 AM

কোটা সংস্কার আন্দোলনের কারণে সাধারণ মানুষের জানমালের ক্ষতি হলে সরকার আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

শুক্রবার সকাল সাড়ে ১০টায় রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। 

কোটা সংস্কার আন্দোলন নিয়ে এক প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, “যারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধীতা করেছিল, যারা ষড়যন্ত্র করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে সপরিবারে হত্যা করেছে- সেই প্রেতাত্মারা যে এই ষড়যন্ত্রে লিপ্ত না, সেটি আমি অস্বীকার করতে পারব না। সেটি আপনারাও বুঝছেন, আমরাও বুঝছি।

“সরকারের দায়িত্ব জনগণের জানমাল রক্ষা করা। সুবিধা-অসুবিধা দেখা। এটি কেউ বাধাগ্রস্ত করলে সরকারকে আইন মোতাবেক ব্যবস্থা নিতে হবে।”

মন্ত্রী আরও বলেন, “আমার বিশ্বাস নতুন প্রজন্মের ছাত্র-ছাত্রীরা যারা কোটার ব্যাপারে তাদের বক্তব্য পেশ করেছে, তারা সর্বোচ্চ আদালতের আদেশ মেনে অবশ্যই ঘরে ফিরে যাবে।”

“আমি বিশ্বাস করি, তারা জনগণের অসুবিধা হোক, দুঃখ-কষ্ট ভোগ করুক-সেগুলো পরিহার করে ব্যবস্থা নেবে।”

আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, আখাউড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহাবউদ্দিন বেগ শাপলু ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরীসহ দলীয় নেতাকর্মীরা এ সময় আইনমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন।