২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় পুলিশের সামনে দুপক্ষের সংঘর্ষ-গুলি, আহত ৪

সদরের ওসি বলেন, চুরির ঘটনাকে কেন্দ্র করে এ সংঘর্ষের সূত্রপাত হয়।

খুলনায় পুলিশের সামনে দুপক্ষের সংঘর্ষ-গুলি, আহত ৪
খুলনায় পুলিশের সামনেই দুপক্ষ সংঘর্ষে জড়িয়েছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2025, 09:13 PM

Updated : 26 Aug 2026, 12:39 PM

খুলনায় পুলিশের সামনে অস্ত্র নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন গুলিবিদ্ধসহ চারজন গুরুতর আহত হয়েছেন।

রোববার দুপুরে খুলনা সদর থানার বাগমারা সেতু এলাকায় এ ঘটনা ঘটে বলে খুলনা সদর থানার ওসি হাওলাদার সানোয়ার হুসাইন জানান।

ওসি বলেন, চুরির ঘটনাকে কেন্দ্র করে এ সংঘর্ষের সূত্রপাত হয়।

দুপুরে একদল সন্ত্রাসী এলাকাবাসীর ওপর হামলা চালায়। পরে এলাকার মানুষ নিজেরাই সংঘর্ষে জড়িয়ে পড়েন। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণের চেষ্টা করেছে।

এ ঘটনায় চারজন আহত হয়েছে বলে জানা গেছে। তবে তাদের মধ্যে আজিজের অবস্থা আশঙ্কাজনক। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

ওসি সানোয়ার হুসাইন বলেন, ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পুলিশ ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, শনিবার রাতে বাগমারা এলাকায় ‘শিরিনা স্টোর’ নামে একটি মুদি দোকানে চুরি হয়। ওই ঘটনায় দুজনকে আটক করে পুলিশে দেন স্থানীয় লোকজন।

পরে তাদের কাছ থেকে চোরাই মালামাল উদ্ধার করা হয়। 

ওই ঘটনার জেরে রোববার দুপুরে চোরদের পক্ষ নিয়ে একদল সন্ত্রাসী এলাকাবাসীর ওপর হামলা চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে এলাকাবাসী দুই ভাগে বিভক্ত হয়ে নিজেরা সংঘর্ষে জড়িয়ে পড়েন।

এ সময় সন্ত্রাসীদের ছোড়া গুলি বাগমারা এলাকার আবদুল আজিজের (৪৫) বুকের ডান পাশে বিদ্ধ হয়। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

কুপিয়ে জখম করা হয় একই এলাকার সিরাজুল ইসলাম (৪২), শহিদুল ইসলাম (৩৭) ও নজরুল ইসলামকে (৩৫)। তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।