১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

নোয়াখালীতে অটোরিকশায় এসে গুলি, হাসপাতালে জামায়াত কর্মী

“হঠাৎ কয়েকজন অটোরিকশায় করে এসে গুলি করে আবার চলে যায়। তাদের মুখ কাপড় দিয়ে বাঁধা ছিল।”

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2026, 11:51 AM

Updated : 26 Aug 2026, 03:35 PM

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় অটোরিকশায় এসে চালানো গুলিতে বিদ্ধ হয়ে এক জামায়াতকর্মী হাসপাতালে ভর্তি হয়েছেন। 

রোববার রাত সাড়ে ১১টার দিকে আমানউল্লাহপুর ইউনিয়নের আইয়ুবপুর গ্রামের ছাদু নেতার বাড়ি সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে বলে বেগমগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান জানিয়েছেন। 

আহত ২৫ বছর বয়সী মাইনুল ইসলাম মাহিন ওই গ্রামের আবুল হোসেনের ছেলে। তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

ঘটনার প্রত্যক্ষদর্শী শাইখুল আরেফিন শিহাব বলেন, “মাহিন বাড়ির সামনে সড়কে বন্ধুদের সঙ্গে কথা বলছিলেন। হঠাৎ একটি সিএনজি চালিত অটোরিকশায় চেপে আসা ৪ থেকে ৫ জন সেখানে টর্চ লাইটের আলো জ্বালিয়ে একটি গুলি করে। তাদের সবার মুখ কাপড়ে বাঁধা ছিল। 

“গুলিটি মাহিনের পাঁয়ে লাগলে তিনি পড়ে যান এবং হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান।” 

নোয়াখালী জেনারেল হাসপাতালের ইমারজেন্সি মেডিকেল অফিসার ডা. হাসান আল মুলক বলেন, “গুলিবিদ্ধ মাহিনের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।” 

বেগমগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আবদুর রহিম বলেন, “মাহিন আমাদের কর্মী। এটা রাজনৈতিক প্রতিহিংসা হতে পারে বলে আমরা প্রাথমিক ধারণা করছি।” 

পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান বলেন, “একজন গুলিবিদ্ধ হয়েছে জানার পর আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। কারা গুলি করেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।”