১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

জাবিতে ‘দোকানের মালিকানা’ নিয়ে দুই হলের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ৯

আহতদের মধ্যে গুরুতর দুইজনকে সাভারের একটি হাসপাতালে পাঠানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 14 Sep 2026, 07:32 PM

Updated : 17 Sep 2026, 03:00 AM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছয়টি ‘দোকানের মালিকানা’ নিয়ে দুই হলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত নয়জন আহত হয়েছেন।

সোমবার বেলা ৩টার দিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের সামনে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক আব্দুস সাত্তার জয়।

বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রের উপ-প্রধান চিকিৎসা কর্মকর্তা রিজওয়ানুর রহমান বলেন, আহত নয়জনের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় সাভারের একটি হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে চিকিৎসাধীন।

প্রত্যক্ষদর্শীরা জানান, নজরুল ইসলাম হলের সামনে থাকা ছয়টি দোকানের মালিকানা নিয়ে বেশ কিছুদিন ধরে ওই হল ও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের শিক্ষার্থীদের মধ্যে বিরোধ চলে আসছিল।

দোকানগুলো নজরুল ইসলাম হলের সামনে হওয়ায় ওই হলের শিক্ষার্থীরা সেগুলোর মালিকানা দাবি করে আসছিলেন। তবে রবীন্দ্রনাথ ঠাকুর হলের শিক্ষার্থীরাও দোকানগুলোর মালিকানা ছাড়তে রাজি ছিলেন না। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল।

সোমবার দুপুরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় ধাওয়া-পাল্টাধাওয়া ও মারামারির ঘটনা ঘটে। খবর পেয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও প্রক্টরিয়াল বডির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

সহকারী প্রক্টর অধ্যাপক আব্দুস সাত্তার জয় বলেন, “দুই হলের শিক্ষার্থীদের তাদের নিজ নিজ হলে পাঠিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।”

বিশ্ববিদ্যালয় প্রশাসন আলোচনা করে দোকানগুলো নিয়ে যৌক্তিক সমাধানে পৌঁছাবে বলে আশ্বস্ত করেন সহকারী প্রক্টর।