১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

গায়ে হলুদের পর নদীতে গোসলে গিয়ে নিখোঁজ বর

স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, গাজীপুরের বর তার মামাতো বোনকে বিয়ে করার জন্য পরিবারসহ উজিরপুরে গিয়েছিলেন।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2024, 01:15 PM

Updated : 26 Aug 2026, 09:38 AM

বরিশালের উজিরপুরে গায়ে হলুদের পর নদীতে গোসলে গিয়ে বর নিখোঁজ রয়েছেন। 

শুক্রবার দুপুর পৌনে ১টার দিকে সন্ধ্যা নদীতে এ ঘটনা ঘটে বলে উজিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) তৌহিদুজ্জামান জানিয়েছেন। 

নিখোঁজ মিরাজুল ইসলাম আরিফ (২৪) গাজীপুর জেলার কাশিমপুর থানাধীন সুলতান মার্কেট এলাকার মো. মিন্টু খানের ছেলে। আরিফ স্কয়ার টেক্সটাইলের গাড়ি চালক। 

স্বজনদের বরাত দিয়ে পরিদর্শক তৌহিদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নিখোঁজ আরিফ তার দুঃসম্পর্কের মামাতো বোনকে বিয়ে করার জন্য বৃহস্পতিবার রাতে পরিবারসহ উজিরপুরের গাববাড়ী এলাকায় আসেন। 

“শুক্রবার সকালে গায়ে হলুদের অনুষ্ঠান হয়। পরে দুপুর সাড়ে ১২টার দিকে দুই ভাইসহ আরিফ সন্ধ্যা নদীর চতলবাড়ী এলাকায় গোসলে যান।” 

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ আরও জানায়, এক পর্যায়ে স্রোতের টানে তিন ভাই ভেসে যেতে থাকেন। তখন স্থানীয়রা গিয়ে দুই ভাইকে উদ্ধার করতে পারলেও নিখোঁজ হন বর আরিফ। 

পরিদর্শক তৌহিদুজ্জামান জানান, স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের ডুবুরিরা আরিফের সন্ধানে তল্লাশি চালাচ্ছেন। 

একই কথা জানিয়েছেন বরিশাল নৌ ফায়ার সার্ভিসের ডুবুরি দলের প্রধান মো. নজরুল ইসলাম।