২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চিকিৎসা নিয়ে ফেরার পথে ট্রেনের ধাক্কায় গেল বৃদ্ধের প্রাণ

দুপুরে কক্সবাজারের চকরিয়ায় সেনাবাহিনীর উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাকেন্দ্রে সেবা নিয়ে ওই ব্যক্তি রেললাইন ধরে বাড়ি ফিরছিলেন বলে জানায় পুলিশ।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2024, 09:05 PM

Updated : 10 Sep 2026, 12:26 PM

কক্সবাজারের চকরিয়া উপজেলায় মেডিকেল ক্যাম্পে চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছেন।

বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার ডুলহাজারা ইউনিয়নের মালুমঘাট স্টেশনের পাশে রিংভং সোয়াজানিয়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে বলে জানান চকরিয়া থানার ওসি মনজুর কাদের ভূঁইয়া।

নিহত মীর কাশেম (৭০) বান্দরবানের লামা উপজেলার দক্ষিণ হায়দারনাশী গ্রামের প্রয়াত মোহাম্মদ রহিমদাদের ছেলে।

ওসি মনজুর কাদের বলেন, সকাল থেকে উপজেলার মালুমঘাট খ্রিশ্চিয়ান মেমোরিয়াল হাসপাতালের ভেতর সেনাবাহিনীর উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা কার্যক্রম চলছিল। সেখানে মীর কাশেমও চিকিৎসা নিতে যান। 

দুপুরে চিকিৎসা শেষে রেললাইন ধরে হেঁটে যাচ্ছিলেন তিনি। এ সময় কক্সবাজার থেকে ছেড়ে আসা একটি ট্রেন মীর কাশেমকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থল থেকে কিছুটা দূরে ছিটকে পড়েন তিনি।

স্থানীয়রা তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী মালুমঘাট খ্রিশ্চিয়ান মেমোরিয়াল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান ওসি।

প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি বলেন, “ট্রেনটি হর্ন বাজিয়ে আসছিল। কিন্তু মীর কাশেম রেললাইন থেকে সরে যাননি। হয়ত তিনি কানে কম শুনতেন।“

মীর কাশেমের লাশ রেলওয়ে পুলিশের হেফাজতে রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।