একসঙ্গে ৪ সন্তানের জন্ম দিলেন রিকশাচালকের স্ত্রী, বাঁচল না তিনটি
বেঁচে থাকা ছেলে শিশুটিকে সুস্থ করতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন হাসপাতালের শিশু বিভাগের এক চিকিৎসক।
জামালপুরের ইসলামপুরে এক রিকশাচালকের স্ত্রী একসঙ্গে চার সন্তানের জন্ম দিলেও তিনটিই মারা গেছে।
বুধবার সকাল সাড়ে ৭টায় ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওই নারী স্বাভাবিক প্রসবে তিন ছেলে ও এক মেয়ে সন্তানের জন্ম দেন।
খুশি বেগম নামে ওই নারী ইসলামপুর উপজেলার গুঠাইল বেপারী পাড়ার রিকশাচালক শফিকুল ইসলামের স্ত্রী।
খোঁজ নিয়ে জানা যায়, ১৩ বছরের বিবাহিত জীবনে ওই দম্পতির কোনো সন্তান ছিল না। এর আগে খুশি এক মেয়ে সন্তানের জন্ম দিলেও শিশুটি মারা যায়। এবার তিনি অন্তর্সত্ত্বা হওয়ার ছয়মাস সাতদিনের মাথায় একসঙ্গে চার সন্তান জন্ম দেন।
সময়ের অনেক আগে জন্ম নেওয়ায় চার নবজাতককেই উন্নত চিকিৎসার জন্য ২৫০ শয্যার জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হলে তিনটিকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
বেঁচে থাকা ছেলে শিশুটিকে সুস্থ করতে চিকিৎসক ও নার্সরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন ২৫০ শয্যার জামালপুর জেনারেল হাসপাতালের শিশু বিভাগের জুনিয়র কনসালট্যান্ট ডা. মাসুদ রহমান।
