২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে গৃহবধূকে ধর্ষণে একজনের যাবজ্জীবন

মামলার এজাহার অনুযায়ী, ২০০৭ সালের ২৬ মে রংপুর শহরে তাকে রিকশা থেকে নামিয়ে নিয়ে ধর্ষণ করা হয়।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2022, 09:43 PM

Updated : 31 Aug 2022, 11:12 PM

রংপুরে এক গৃহবধূকে তুলে নিয়ে ধর্ষণের দায়ে একজনকে যাবজ্জীবন দিয়েছে আদালত।

রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন আদালত ১-এর বিচারক মোস্তফা কামাল বুধবার দুপুরে এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত মমিনুল ইসলাম বাবু (৩০) রংপুর শহরের লালবাগ কেডিসি মোড় এলাকার আব্দুস সাত্তারের ছেলে।

রায় ঘোষণার সময় আসামি আদালতে ছিলেন। তাকে কারাগারে পাঠানো হয়েছে।

তাছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় এ মামলার অপর দুই আসামিকে খালাস দিয়েছে আদালত।

আদালতের বিশেষ পিপি রফিক হাসনাইন মামলার নথির বরাতে জানান, রংপুর শহরের তাজহাট রেলওয়ে বস্তির এক গৃহবধূ ২০০৭ সালের ২৬ মে সকালে রিকশায় করে পীরপুরের ফুফুর বাড়ি থেকে মডার্ন মোড় যাচ্ছিলেন। রিকশাটি শহরের লালবাগ খামার এলাকায় পৌঁছালে কয়েকজন তাকে তুলে নেয়। পরে একটি খুপরি ঘরে নিয়ে ধর্ষণ করেন আমিনুল ইসলাম বাবু।

পরদিন গৃহবধূ তিনজনের বিরুদ্ধে রংপুর কোতোয়ালি থানায় নারী ও শিশুনির্যাতন দমন আইনে মামলা করেন। মামলার তদন্ত শেষে থানার এসআই আজিজুল ইসলাম ২০০৭ সালের ১৭ জুলাই তিন আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।

পিপি রফিক হাসনাইন বলেন, ১২ জনের সাক্ষ্যসহ বিচার শেষে আসামি আমিনুল ইসলাম বাবুকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন দিয়েছে আদালত।

ন্যায় বিচার পেয়েছেন জানিয়ে রায়ে সন্তোষ প্রকাশ করেন তিনি।