Published : 13 Jul 2026, 08:16 PM
বরিশালের বাবুগঞ্জ উপজেলা সফরকালে রাস্তার পাশে দাঁড়িয়ে অভ্যর্থনা জানানো একদল শিক্ষার্থীর সঙ্গে কুশল বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি তাদের সঙ্গে সেলফি তোলেন এবং ক্রীড়াসামগ্রী উপহার দেন।
সোমবার দুপুর দেড়টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী বাসটি বরিশাল-ঢাকা মহাসড়কের সাত মাইল এলাকা অতিক্রম করে বাবুগঞ্জের পূর্ব রহমতপুরে বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে যাওয়ার পথে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, শিশু নিকেতন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা রাস্তার পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানানোর জন্য অপেক্ষা করছিল। তাদের উপস্থিতি দেখে প্রধানমন্ত্রীর গাড়ি বহর কিছু সময়ের জন্য থামে।
পরে প্রধানমন্ত্রী বাস থেকে নেমে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন, তাদের পড়াশোনার খোঁজখবর নেন এবং খেলাধুলার বিষয়ে জানতে চান। শিক্ষার্থীরা খেলাধুলার প্রতি আগ্রহের কথা জানালে তিনি তাদের হাতে ফুটবল, ব্যাডমিন্টন সেটসহ কয়েকটি ক্রীড়াসামগ্রী তুলে দেন।
কুশল বিনিময়ের একপর্যায়ে এক শিক্ষার্থী সেলফি তোলার জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ করেন। তখন প্রধানমন্ত্রী তার মোবাইল ফোনে শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তোলেন।
শিশু নিকেতন মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক এ কে আজাদ বলেন, “প্রধানমন্ত্রীর সঙ্গে শিক্ষার্থীদের এই সাক্ষাৎ তাদের জন্য একটি স্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকবে।”
প্রায় আড়াই মিনিট অবস্থানের পর প্রধানমন্ত্রী সেনাবাহিনীর মহড়া পরিদর্শনের উদ্দেশে রওনা দেন।