২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যারা জামানত হারাবে, তারা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে: খোকন

নরসিংদী শহরের পৌর ঈদগাহ মাঠে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের সভায় তিনি এসব কথা বলেন।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2025, 06:52 PM

Updated : 26 Aug 2026, 02:37 PM

যারা জামানত রাখতে পারবে না, তারাই আগামী নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। 

তিনি বলেছেন, “আগামী দিনের নির্বাচন ঘোষণা হয়েছে। সেই নির্বাচনের জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করছি। সেখানে কিছু দল- যারা কোনো আসন পাবে না, জামানত হারাবে, তারা নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করছে।”

শুক্রবার বিকালে নরসিংদী শহরের পৌর ঈদগাহ মাঠে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা বিএনপির সভাপতি খোকন বলেন, “অন্তর্বর্তী সরকার, নির্বাচন কমিশন, সেনাবাহিনীসহ দেশের আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচনের জন্য প্রস্তুত। সেখানে দুই-একটি দলের কোনো চক্রান্ত-ষড়যন্ত্র নির্বাচন পণ্ড করতে পারবে না। দেশের জনগণ স্পষ্ট দেখতে পারছে, নির্বাচনে বিএনপি দুই-তৃতীয়াংশ সমর্থন নিয়ে দেশ পরিচালনার দায়িত্বে যাবে।”

সভায় আরও বক্তব্য দেন- জেলা বিএনপির সহসভাপতি হারুন অর রশিদ, আকবর হোসেন, অ্যাডভোকেট আব্দুল বাছেদ ভুঁইয়া, বি জি রশিদ নওশের, গোলাম কবির কামাল, রবিউল ইসলাম রবি, ফারুক উদ্দিন ভুঁইয়া, আমিনুল হক বাচ্চু।  

সভা শেষে পৌর ঈদগাহ মাঠ হতে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। সেটি রেলওয়ে স্টেশনে গিয়ে শেষ হয়।