খুলনায় সাংবাদিক হত্যা: জমির দ্বন্দ্ব, পূর্বশত্রুতা গুরুত্ব দিচ্ছে পুলিশ
হত্যাকাণ্ডের প্রায় ২৪ ঘণ্টা পর শুক্রবার সন্ধ্যা পর্যন্ত কোনো মামলা বা গ্রেপ্তার হয়নি।
খুলনায় সাংবাদিক ইমদাদুল হক মিলন হত্যায় পুলিশ জমি সংক্রান্ত বিরোধ, এলাকাভিত্তিক পূর্বশত্রুতার জেরসহ তিন-চারটি বিষয়কে গুরুত্ব দিয়ে তদন্তে নেমেছে।
হত্যাকাণ্ডের প্রায় ২৪ ঘণ্টা পর শুক্রবার সন্ধ্যা পর্যন্ত কোনো মামলা বা গ্রেপ্তার হয়নি।
খুলনা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (উত্তর) সুদর্শন রায় বলেন, “মিলন হত্যার ঘটনায় ঘেরের জমিজমা সংক্রান্ত বিরোধ, এলাকাভিত্তিক পূর্বশত্রুতার জেরসহ তিন-চারটি বিষয়কে গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।
“আশা করছি, দ্রুত হত্যার রহস্য উদঘাটনসহ হত্যাকারীদের গ্রেপ্তার করা সম্ভব হবে।”
আড়ংঘাটা থানার ওসি শাহজাহান আহমেদ বলেন, শুক্রবার দুপুরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিহতের ময়নাতদন্ত হয়েছে।
তিনি বলেন, নিহতের পরিবারের সদস্যরা থানায় আসলেই মামলা নেওয়া হবে। অপরাধীদের ধরতে অভিযান চলছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে আড়ংঘাটা থানার শলুয়া বাজারের একটি চায়ের দোকানে বসে থাকা অবস্থায় অস্ত্রধারীদের গুলিতে ইমদাদুল হক মিলন ঘটনাস্থলে নিহত হন। এ সময় দেবাশীষ বিশ্বাস নামে অপর আরেকজন গুলিবিদ্ধ হন।
ইমদাদুল হক মিলন শলুয়া গ্রামের মো. বজলুর রহমানের ছেলে। তিনি শলুয়া বাজার কমিটির সাধারণ সম্পাদক ও একটি অনলাইন নিউজ পোর্টাল চালাতেন।
গুলিবিদ্ধ দেবাশীষ বিশ্বাস শলুয়া গ্রামের রবীন্দ্রনাথ বিশ্বাসের ছেলে। দেবাশীষ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থা আশঙ্কাজনক।
