২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরে ছাত্রলীগ নেতার ভোট দেওয়ার ছবি ও ভিডিও ফেইসবুকে

বিষয়টি নিয়ে সমালোচনা হলে পোস্টটি সরিয়ে ফেলা হয়।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2024, 10:58 PM

Updated : 10 Sep 2026, 12:05 PM

গোপন কক্ষে ভোট দেওয়ার ছবি ও ভিডিও ধারণ করে তা ফেইসবুকে প্রচারের অভিযোগ উঠেছে জামালপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাফিউল করীম রাব্বির বিরুদ্ধে। 

বুধবার বেলা ১১টার দিকে জামালপুর পৌর এলাকার জরিনা মিয়ার উদ্দিন বালিকা বিদ্যালয় ও জগবন্ধু সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন রাব্বি। এ সময় তার সঙ্গে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী ছিলেন। 

তার ভোট দেওয়ার ছবি ও ভিডিও ধারণ করে ফেইসবুকে পোস্ট করার সময় ক্যাপশনে লেখা হয়- “তারুণ্যের ভোট হবে মোটরসাইকেল মার্কায়। ইনশাআল্লাহ জয় আমাদেরই হবে।”

বিষয়টি নিয়ে সমালোচনা হলে পোস্টটি সরিয়ে ফেলা হয়।

নাফিউল করীম রাব্বি সাংবাদিকদের বলেন, “আইডিটা এডমিন দিয়ে চালানো হয়। সে ভুলবশত ফেইসবুকে পোস্ট দিয়েছে। পরে সেটি আমার নজরে এলে পোস্ট সরিয়ে দেওয়া হয়।”

ওই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা মো. হুমায়ুন কবীর সাংবাদিকদের বলেন, “গোপন কক্ষের মধ্যে ফোন নিয়ে যাওয়া ও ছবি তোলা আইন বিরোধী কাজ।”

এ প্রসঙ্গে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার সাংবাদিকদের বলেন, “কেন্দ্রের গোপন কক্ষে ভোট দেওয়ার ছবি ও ভিডিও ধারণ করা বেআইনি।

“সেটা ফেইসবুকে পোস্ট করাও বেআইনি।”