Published : 07 Feb 2026, 12:35 PM
মাদারীপুর সদরে পূর্ব শত্রুতার জের ও আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। দুই ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে হাতবোমা বিস্ফোরণে উভয় পক্ষের অন্তত ৮ জন আহত হয়েছেন।
শুক্রবার বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উপজেলার রাস্তি ইউনিয়নের পশ্চিম রাস্তি এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন মাদারীপুর সদর মডেল থানার ওসি আবুল কালাম আজাদ।
স্থানীয় ও আহতদের বরাতে পুলিশ জানায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ওই গ্রামের সেলিম হাওলাদার ও সোহরাব বেপারীর মধ্যে দীর্ঘদিন ধরে শত্রুতা চলছিল।
এর জের ধরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে শুক্রবার দেশীয় অস্ত্রশস্ত্র সজ্জিত হয়ে সংঘর্ষে জড়ান তারা। এ সময় প্রায় ২০টি হাতবোমা বিস্ফোরণ ঘটানো হয়। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ও সেনাবাহিনী।
সংঘর্ষে আহতদের মধ্যে ফারুক বেপারী (৫৫), ইমরান মাতুব্বর (৩২), কালু বেপারী (৬৫) ও রিয়ন বেপারীকে (১৮) উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং রোকন হাওলাদার (৩৫) নামে আরও একজনকে আশংকাজনক অবস্থায় ঢাকায় পাঠিয়েছেন চিকিৎসক।
বাকি আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ওসি আবুল কালাম আজাদ বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছে। সংঘর্ষের ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।