২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে আওয়ামী লীগ নেতাকে ধরিয়ে দেওয়া নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

সংঘর্ষে পুলিশসহ চারজন আহত হয়েছেন, পোড়ানো হয়েছে তিনটি মোটরসাইকেল।

রাজশাহী অফিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2025, 01:59 AM

Updated : 26 Aug 2026, 11:58 AM

রাজশাহীতে আওয়ামী লীগের এক নেতাকে পুলিশে ধরিয়ে দেওয়ার চেষ্টাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত চারজন আহত হয়েছেন। 

শুক্রবার সন্ধ্যায় শুরু হওয়া এই সংঘর্ষ রাত ১১টা পর্যন্ত চলে। সংঘর্ষ চলাকালে কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয় এবং তিনটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়।

পরে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে জানিয়ে রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন বলেন, “রাতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বাড়ানো হয়েছে যৌথবাহিনীর টহল।”

সংঘর্ষে পুলিশের নগর বিশেষ শাখার (সিটিএসবি) এক সদস্যসহ চারজন আহত হয়েছেন। তারা হলেন– মহানগর মহিলা দলের ক্রীড়া সম্পাদক লাভলী খাতুন, তার আড়াই বছর বয়সী মেয়ে লামিয়া, সিটিএসবি সদস্য তোফাজ্জল হোসেন ও রেল কর্মচারী মো. রনি। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

যে তিনটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছে, তার মধ্যে একটি স্থানীয় সাংবাদিক জাহিদ হাসান সাব্বিরের। তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন সংবাদ সংগ্রহ করতে। সড়কের পাশে রাখা অবস্থায় তার মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। 

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে মহিলা দলের নেত্রী লাভলী ও তার অনুসারীরা কাদিরগঞ্জ এলাকায় একটি বহুতল ভবন ঘেরাও করেন। ওই ভবনের একটি ফ্ল্যাটে পরিবারসহ থাকেন বোয়ালিয়া (পশ্চিম) থানা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোস্তাক আহমেদ বাবু।

লাভলীর দাবি, তিনি মোস্তাক আহমেদকে ওই ভবনে ঢুকতে দেখেছেন। তার ডাকে আইনশৃঙ্খলা বাহিনী ওই বাড়িতে অভিযান চালালেও মোস্তাককে পাওয়া যায়নি। তবে সিসিটিভি ভিডিও ও নিরাপত্তা প্রহরীর খাতায় মোস্তাকের নাম পাওয়া গেছে। অভিযান শেষে তার ভাই সাব্বির বাবুকে গ্রেপ্তার করা হলেও মোস্তাক পলাতক রয়েছেন।

আওয়ামী সরকারের পতনের পর মোস্তাক ও তার ভাই সাব্বিরের বিরুদ্ধে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে মামলা হয়। মোস্তাক আহমেদকে না পাওয়ায় মহিলা দল নেত্রী লাভলী দায়ী করেন সাবেক যুবদল নেতা মারুফ হোসেন জীবনকে। 

এতে ক্ষুব্ধ হয়ে মারুফের অনুসারীরা শুক্রবার সন্ধ্যায় দড়িখড়বোনা এলাকায় লাভলীর বাড়িতে হামলা চালায় এবং ভাঙচুর করে। এরপর প্রতিশোধ হিসেবে লাভলীর অনুসারীরা মারুফের ব্যক্তিগত কার্যালয়ে হামলা করে ভাঙচুর চালায়।

এ সময় দুই পক্ষের সংঘর্ষ দড়িখড়বোনা, উপশহর মোড়, রেলগেট, সপুরা ও শালবাগান এলাকায় ছড়িয়ে পড়ে। ধারালো অস্ত্র নিয়ে দুই পক্ষ মারামারিতে জড়ায়। হাতবোমাও ফাটানো হয়।

দীর্ঘ সময় পর রাত ১১টার দিকে সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর পর ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে মোটরসাইকেলে দেওয়া আগুন নেভায়।

রাতে সাড়ে ১১টার দিকে তাৎক্ষণিক সংবাদ সম্মেলন করেন মহিলা দল নেত্রী লাভলী। তিনি অভিযোগ করেন, বিএনপিরই একটি গ্রুপ তার বাড়িতে হামলা চালিয়েছে। 

লাভলী দাবি করেন, সাব্বিরকে তুলে দেওয়ার আগে তাকে পাঁচ লাখ টাকা দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল, যা তিনি ফিরিয়ে দেন। এ কারণে তার বাড়িতে হামলা চালানো হয়।

তার অভিযেগের বিষয়ে মারুফ হোসেন জীবনের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি। 

সংঘর্ষের ঘটনায় মধ্যরাত পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি জানিয়ে অতিরিক্ত উপ পুলিশ কমিশনার সাবিনা ইয়াসমিন বলেন, “কেউ অভিযোগ দিলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”