২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ডেভিল হান্টের’ মাধ্যমে শান্তি ফেরাতে চায় গাজীপুর পুলিশ

“পুলিশ অবশ্যই একটু এগ্রেসিভভাবে না করলে জনগণকে তারা শান্তিতে ঘুমাতে দেবে না,” বলেন  মহানগর পুলিশ কমিশনার।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2025, 10:50 PM

Updated : 26 Aug 2026, 11:47 AM

মানুষের শান্তির জন্য যা যা করার ‘অপারেশন ডেভিল হান্টের’ মাধ্যমে ‘তা-ই’ করার কথা বলছেন গাজীপুর মহানগর পুলিশের কমিশনার নাজমুল করিম খান।

তিনি বলেছেন, “জনগণকে আশ্বস্ত করতে চাই, আমরা পুলিশ জনগণের পাশে আছি; শান্তিপ্রিয় জনগণও আমাদের পাশে আছে। তারা (জনগণ) কোনোভাবেই ফ্যাসিবাদের রাঙ্গা চোখ কখনো বরদাস্ত করবে না।”

রোববার দুপুরে নিজ কার্যালয়ের সম্মেলন কক্ষে গাজীপুরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “আমাদের কাছে ইনফরমেশন আছে, গাজীপুরকে কেন্দ্র করে পতিত সরকার অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়। তারা ঘোষণা দিয়েছে, গাজীপুরবাসীকে ঘুমাতে দেব না, জনগণকে ঘুমাতে দেব না। 

“তারা যখন ঘোষণা দেয়, জনগণকে ঘুমাতে দেবে না, জনগণকে প্রতিপক্ষ ভাবে; তখন পুলিশের জন্য এটি একটি চ্যালেঞ্জের ব্যাপার হয়ে দাঁড়ায়। পুলিশ অবশ্যই তখন একটু এগ্রিসিভভাবে না করলে জনগণ শান্তিতে ঘুমাতে পারবে না।” 

নিজের বাহিনীর সদস্যদের উদ্দেশ করে তিনি বলেন, “এমন অবস্থায় আমাদের দায়িত্ব হল, জনগণকে শান্তি দেওয়া, আর এ জন্য আমাদের আরেকটু ভালো করে পুলিশিং না করলে, জনগণের পাশে না দাঁড়ালে আমাদের দায়িত্বের অবহেলা হয়ে যায়।” 

গাজীপুরের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিদের্শনা এসেছে জানিয়ে তিনি উপস্থিত সাংবাদিকদের বলেন, “অপারেশন ডেবিল হান্ট’ নামে একটি অপারেশন চালু হয়েছে। তারই অংশ হিসেবে আমরা যৌথ বাহিনী কাজ চালিয়ে যাচ্ছি।” 

তিনি আরও বলেন, “আমরা মনে করছি, গাজীপুরে তারা প্রচুর অস্ত্র ঢুকিয়েছে। গাজীপুরকে অশান্ত করার চেষ্টা করছে। আপনারা দেখেছেন, গতকাল সন্ধ্যায় আমরা পুলিশ ছিলাম, কিছুক্ষণ আগে পুলিশ আমরা ওখান থেকে এসেছি, আমি নিজেও ওখান থেকে এসেছি, কথা বলে এসেছি। ছাত্র-জনতা ছিল, কিছু দূরেই আর্মি ছিল, বিজিবি ছিল। তার মধ্যেই তারা গুলি করে একজনকে আহত করেছে। তারা পরিবেশ অশান্ত করার জন্য সবকিছু করছে। কিন্তু জনগণের শান্তির  জন্য যা যা করার আমরা অপারেশন ডেভিল হান্টের মাধ্যমে সবই করব।” 

সাংবাদিকদের উদ্দেশ করে তিনি বলেন, “আপনাদের মাধ্যমে জনগণকে আশ্বস্ত করতে চাই, আমরা জনগণের পাশে আছি; জনগণও আমাদের পাশে আছে।”  

পুলিশ কখনো কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে ‘যুদ্ধ ঘোষণা’ করে না উল্লেখ করে তিনি বলেন, “আমরা যুদ্ধ ঘোষণা করি দুর্বৃত্তের বিরুদ্ধে; সন্ত্রাসের বিরুদ্ধে। ওরা যদি মরতে পারে, আমরা কেন মরতে পারবো না?”  

মহানগর পুলিশের  এ শীর্ষ কর্মকর্তা বলেন, “আমরা তাদের বিরুদ্ধে অভিযান চালাতে চাই। যারা জনগণকে অশান্ত করতে চায়, দেশের পরিস্থিতিকে অশান্ত করতে চায় তাদের গ্রেপ্তার করতে চাই।” 

গাজীপুরের সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের গ্রামের বাড়িতে শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারের বিষয়ে তিনি বলেন, “আমরা এ পর্যন্ত ৮২ জনকে গ্রেপ্তার করেছি। আর হামলার ঘটনায় যারা সরাসরি জড়িত, তাদের মধ্যে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

“আমরা প্রত্যেককে আইনের আওতায় আনার আশা করছি।” 

সাবেক মন্ত্রীর বাড়িতে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে শনিবার গাজীপুরের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ভাওয়াল রাজবাড়ী মাঠসহ সড়কে বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা।

অবস্থান কর্মসূচিতে যোগ দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম।

কর্মসূচি শেষে কেন্দ্রীয় নেতারা চলে গেলেও কিছু আন্দোলনকারী নেতাকর্মী সেখানে ছিলেন। সন্ধ্যায় তারা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে কথাবার্তা বলার সময় গুলি ছোড়ার ঘটনা ঘটে। এতে ছাত্র আন্দোলনের এক কর্মী গুলিবিদ্ধ হন। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়।

আন্দোলনের নেতাকর্মীরদের ওপর যারা গুলি ছুড়েছে, তাদের চিহ্নিত করা গেছে কিনা এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “এটি তো পরিষ্কার, যারা জনগণকে হুমকি দেয় শান্তিতে ঘুমাতে দেবে না। যারা হুমকি দেয়, দেশকে শান্ত থাকতে দেবে না। এসব হুমকি থেকে বোঝাই যায় কারা এটি করছে।“ 

“আমরা তাদের চিহ্নিত করছি,” বলেন মহানগর পুলিশের এ শীর্ষ কর্মকর্তা।

আরো পড়ুন:

গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর গুলি, আহত একজন