Published : 14 Jul 2026, 04:21 PM
শিক্ষামন্ত্রীর পদত্যাগ, চলমান পরীক্ষা স্থগিতসহ বিভিন্ন দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা।
মঙ্গলবার শিক্ষার্থীরা কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন করেন। এ সময় তারা বিভিন্ন দাবিতে স্লোগান দেন।
তারা বলেন, পরীক্ষার্থীদের সমস্যাগুলো বিবেচনা না করে পরীক্ষা পরিচালনা করা হচ্ছে। এ কারণেই পরীক্ষার্থীদের স্বার্থে শিক্ষামন্ত্রীর পদত্যাগ করা উচিত।
এ সময় বক্তব্য দেন কুড়িগ্রাম সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের এইচএসসি পরীক্ষার্থী মোস্তফা সরকার, মানবিক বিভাগের শরিফ আহমেদ, কুড়িগ্রাম কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের মানবিক বিভাগের পরীক্ষার্থী সাকিব আল হাসান।

পরীক্ষার্থীরা অভিযোগ করেন, কয়েক দিনের ভারি বৃষ্টিতে ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। এর মধ্যেই এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় অনেক পরীক্ষার্থীকে পানি, কাদা পেরিয়ে বৃষ্টিতে ভিজে পরীক্ষাকেন্দ্রে যেতে হয়েছে। কেউ কেউ নৌকায় করে কেন্দ্রে পৌঁছেছেন। পরীক্ষার্থীদের শারীরিক ও মানসিক চাপের মধ্যে পরীক্ষা দিতে হয়েছে।
তারা বলেন, যতদিন জলাবদ্ধতা থাকবে, যতদিন বন্যা পরিস্থিতি থাকবে এবং আবহাওয়া পরীক্ষার অনুকূলে না আসবে, ততদিন পরীক্ষা স্থগিত রাখা উচিত। কিন্তু শিক্ষামন্ত্রী পরীক্ষার্থীদের পরিস্থিতি বিবেচনা করেননি।
আন্দোলনকারীরা অভিযোগ করেন, পদার্থবিজ্ঞান প্রথম পত্রের প্রশ্নপত্রে ভুল ছিল এবং প্রশ্নের মান নিয়েও তাদের আপত্তি রয়েছে। ভুল প্রশ্নপত্র তৈরির সঙ্গে যাদের সংশ্লিষ্টতা রয়েছে তাদেরকে চিহ্নিত ও তদন্ত করে বিচারের আওতায় নিয়ে আসতে হবে।