জিয়াউর রহমানের ছবি অবমাননা ও তারেককে নিয়ে ‘কটূক্তি’: ফেনীতে বিক্ষোভ
জাসাস এবং কৃষক দলের নেতাকর্মীরা পৃথকভাবে কর্মসূচি পালন করেন।
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি অবমাননা ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ‘কটূক্তির’ প্রতিবাদে ফেনীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে।
শনিবার জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন-জাসাস এবং কৃষক দলের নেতাকর্মীরা পৃথকভাবে কর্মসূচি পালন করেন।
বিকালে শহরের জিরো পয়েন্ট ট্রাংক রোড কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন করেন জাসাসের নেতাকর্মীরা।
ফেনী জেলা জাসাসের সভাপতি কাজী ইকবাল আহমেদ পরানের সভাপতিত্বে এতে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্যসচিব আলাল উদ্দিন আলাল এবং জাসাসের প্রতিষ্ঠাতা সদস্য জাকারিয়া ফারুক।
এদিকে একই সময় শহরের বড় মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন কৃষক দলের নেতাকর্মীরা। মিছিরটি শহরের প্রেস ক্লাব, খেজুর চত্বর, দোয়েল চত্বর, সদর মডেল থানা মোড়, মিজান রোড ইসলামী ভাস্কর্য, ট্রাংক রোড ও কেন্দ্রীয় শহীদ মিনার হয়ে বাঁশপাড়ার সামনে গিয়ে শেষ হয়।
মিছিলের আগে ফেনী জেলা কৃষক দলের সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, সদস্যসচিব আলাল উদ্দিন আলাল, সোনাগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদীন বাবলু, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক সামছুদ্দিন খোকন, সদর উপজেলা বিএনপির সদস্যসচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, ফেনী পৌর বিএনপির সদস্যসচিব মেজবাহ উদ্দিন ভূঁইয়া, জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক রবিউল হক ফরহাদ এবং সাংগঠনিক সম্পাদক ফারুক উল্লাহ মুরাদ বক্তব্য দেন।
বক্তারা বলেন, পিআর পদ্ধতির নির্বাচন এদেশের মানুষ মেনে নেবে না। দেশের মানুষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে প্রচলিত নিয়মেই ভোটাধিকার প্রয়োগের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।
তারেক রহমান শুধু বাংলাদেশের রাজনৈতিক নেতা নন, তিনি এখন বিশ্ব নেতা। তার বিরুদ্ধে কোনো অপপ্রচার হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে।
