মৌলভীবাজারে তারেক রহমানের জনসভায় লক্ষাধিক সমাগমের আশা
সমাবেশ ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি শৃঙ্খলার দায়িত্বে থাকবেন দলীয় নেতাকর্মীরা।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারের প্রথম দিন বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজার আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দুই দশকের বেশি সময় পর তার আগমন ঘিরে জেলাজুড়ে বইছে উৎসবের আমেজ।
সদর উপজেলার শেরপুরের আইনপুর মাঠে জনসমাবেশে বক্তব্য দেবেন তারেক রহমান। জনসভা ঘিরে তৈরি করা হয়েছে মঞ্চ। ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে এলাকা। এখন শুধু প্রিয় নেতার অপেক্ষা। জনসভায় লক্ষাধিক মানুষের সমাবেশ ঘটবে বলে আশা স্থানীয় বিএনপির।
তারেক রহমানের কাছে জেলাবাসীর দাবি, শমশেরনগর বিমানবন্দর পুনরায় চালু, মেডিকেল কলেজ ও একটি জাতীয় বিশ্ববিদ্যালয় স্থাপন।
মৌলভীবাজার সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম সাহেদ বলেন, “১৯৭৯ সালে মৌলভীবাজারের খলিলপুর ইউনিয়নে এসেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তার প্রায় ৪৭ বছর পর আগামীকাল তারই পুত্র বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আসছেন একই ইউনিয়নে।
“এখানে নির্বাচনি জনসভায় ভাষণ দেবেন তিনি। পরিচয় করিয়ে দেবেন এ জেলার ধানের শীষের চার প্রার্থীকে। তবে তারেক রহমানের কাছে আমাদের দাবি, তিনি যেন আমাদের শমশেরনগর বিমানবন্দর পুনরায় চালুর ব্যবস্থা করেন।”
সেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাছির আহমদ শাহীন বরেন, নেতার বক্তব্যে এ জেলার উন্নয়নে ভূমিকা রাখার প্রতিশ্রুতির আশা করছি।
তিনি বলেন, বিগত সরকারের সময়ে মৌলভীবাজারের তেমন কোনো উন্নয়ন হয়নি। তারেক রহমানের হাত ধরে এ জেলার উন্নয়ন হবে বলে আশা করি।
মৌলভীবাজার জেলা বিএনপির সদস্যসচিব আব্দুর রহিম রিপন বলেন, “জেলার সাত উপজেলা থেকে নেতাকর্মীসহ সাধারণ মানুষ সভাস্থলে যাবেন। আমরা আশা করছি, লক্ষাধিক মানুষের সমাবেশ ঘটবে।”
মৌলভীবাজার-৩ আসনে ধানের শীষের প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় নেতা এম নাসের রহমান বলেন, “এ জেলার প্রতি জিয়া পরিবারের আলাদা একটা টান রয়েছে। এ জেলায় জিয়াউর রহমান ও খালেদা জিয়া এসেছিলেন। এ ছাড়া তারেক রহমানও এর আগে এসেছেন।
“যখনই জিয়া পরিবারের কেউ এখানে আসেন, তখনই মানুষের ঢল নামে। এবারও নামবে। আমরা ইতোমধ্যে ৯০ ভাগ প্রস্তুতি সম্পন্ন করেছি।”
তিনি বলেন, তারেক রহমান সিলেটের জনসভা শেষ করে মৌলভীবাজারে পৌঁছাতে বেলা ১টা থেকে দেড়টা হওয়ার কথা। এখানে মূল বক্তা তিনি। সভামঞ্চে তিনি এ জেলার ধানের শীষের চারজন প্রার্থীকে পরিচয় করিয়ে দেবেন। ৪০ থেকে ৫০ মিনিটের মধ্যে পুরো অনুষ্ঠান শেষে হবে।
পরে তারেক রহমান হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার উদ্দেশে রওয়ানা হবেন বলে জানান এ বিএনপি নেতা।
মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন বলেন, সংসদ নির্বাচনে প্রচারের প্রথম দিন দলের চেয়ারম্যানের এই আগমন নির্বাচনি আমেজকে শতগুণ বাড়িয়ে দিয়েছে।
বৃহস্পতিবার সকালে সিলেটে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.) মাজার জিয়ারত করবেন তারেক রহমান। দুপুরের পর সিলেট থেকে সড়ক পথে মৌলভীবাজারে জনসভায় যোগ দেবেন তিনি। এ জেলার চারটি সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেবেন তারেক রহমান।
তিনি বলেন, জনসভার প্রস্তুতি হিসেবে এর মধ্যে জেলা বিএনপি, উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা এবং চারটি আসনের বিএনপি মনোনীত প্রার্থীদের অংশগ্রহণে যৌথসভা ও জনসভা কেন্দ্র করে জেলাজুড়ে রাস্তার মোড়ে মোড়ে তৈরি করা হয়েছে তোরণ। এ ছাড়া তারেক রহমানের আগমনকে স্বাগত জানিয়ে হচ্ছে সভা-মিছিল।
বিএনপি নেতা ময়ূন বলেন, তারেক রহমানের আগমনকে ঘিরে প্রতিদিন প্রতিটি উপজেলায় প্রস্তুতি সভা করছেন নেতাকর্মীরা। আর জেলার নেতারা সকাল, দুপুর ও রাতে ছুটে যাচ্ছেন শেরপুরের আইনপুর মাঠ জনসভা স্থলে। সমাবেশ ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত থাকবে দলীয় নেতাকর্মীরা।
মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মো. বিল্লাল হোসেন বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জনসভা নিরাপদে সম্পন্ন করতে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এ ছাড়া তারেক রহমানের সঙ্গেও থাকবে বিশেষ বাহিনী।
