Published : 26 Jul 2026, 02:12 PM
গোপালগঞ্জের কাশিয়ানীতে মারামারি ও নাশকতা মামলায় এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার দুপুরে রাতইল ইউনিয়নের শ্যামবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে কাশিয়ানী থানার এসআই সুব্রত কুমার রায় জানিয়েছেন।
গ্রেপ্তার ইউনুস শেখ কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সদস্য এবং রাতইল ইউনিয়নের ধানকোড়া গ্রামের ইসমাইল শেখের ছেলে।
স্থানীয়দের ভাষ্য, আওয়ামী লীগ সরকারের আমলে দলীয় ক্ষমতার দাপট দেখিয়ে এলাকায় নানা অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন ইউনুস শেখ। সরকার পতনের পর নিজেকে বিএনপির সমর্থক হিসেবে এলাকায় পরিচয় দেন এবং নতুন করে প্রভাব বিস্তারের চেষ্টা করেন।
এছাড়াও স্থানীয় লোকজনকে নানাভাবে হয়রানি করেন। তবে পরিচয় বদলালেও তার অপকর্ম থামেনি বলে অভিযোগ স্থানীয়দের।
তারা বলছে, রাজনীতিতে যুক্ত হওয়ার আগেও ইউনুস শেখ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। এক সময় খুলনা শহরে তার বিরুদ্ধে চুরি, ডাকাতি ও ছিনতাইসহ বিভিন্ন অভিযোগ ছিল।
এসব ঘটনায় তার বিরুদ্ধে একাধিক মামলাও হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। তবে এসব অভিযোগের বিষয়ে ইউনুস শেখ বা তার আইনজীবীর বক্তব্য পাওয়া যায়নি।
এসআই সুব্রত বলেন, “ইউনুস শেখকে প্রথমে একটি মারামারির মামলায় গ্রেপ্তার করা হয়। পরে কাশিয়ানী উপজেলার মাজড়া এলাকায় মহাসড়ক অবরোধ ও নাশকতার মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। বিকালে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়।”