২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গৌরনদীতে ‘এক রাতে ব্যবধানে আট দোকানে চুরি’

বাজার বণিক সমিতির সভাপতি বলেন, দোকানের নিরাপত্তায় পাঁচজন নৈশ প্রহরী আছে; পুলিশের টহল দলও রাতে বাজারে আসে। এর মধ্যে চুরির ঘটনা খুবই দুঃখজনক।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2022, 09:39 PM

Updated : 01 Sep 2022, 09:39 PM

বরিশালের গৌরনদী উপজেলায় এক রাতের ব্যবধানে আট দোকানে চুরির খবর পাওয়া গেছে।

সোম ও বুধবার দিনগত গভীর রাতে উপজেলার মাহিলারহাটে দুই দফায় চুরি এ ঘটনা ঘটে বলে বাজার বণিক সমিতির সভাপতি শহীদুল ইসলাম জানান।

তিনি জানান, প্রথম রাতে চোর বাজারের দুইটি দোকানের টিনের চালা কেটে, একটির বেড়া কেটে ও অপরটির ভেন্টিলেটর ভেঙে প্রবেশ করে নগদ প্রায় এক লাখ টাকাসহ ৫৫ হাজার টাকার মালামাল নিয়ে যায়।

“বুধবার দিনগত রাতে আবারও বাজারের রাসেল রাঢ়ির চালের আড়তের টিন কেটে চোর প্রবেশ করে নগদ ৭৫ হাজার টাকা, আইপিএস যন্ত্র ও ব্যাটারি নিয়ে যায়। চোরেরা একই সারির সুখদেব অধিকারীর ফ্রিজ মেরামতের দোকান ও গার্মেন্টেসের দোকানে প্রবেশ করে। ফ্রিজের নতুন যন্ত্রাংশ ও গার্মেন্টেসের দোকান থেকে নগদ ১৫ হাজার টাকা খোয়া যায়।

পরে পাশের সুবল সিকদারের গার্মেন্টেসের দোকানে একইভাবে টিনের চালা কেটে প্রবেশ করে আইপিএস যন্ত্র ও দুইটি ব্যাটারি চুরির ঘটনা ঘটে।”

বাজার বণিক সমিতির শহীদুল আরও বলেন, “বাজারে সাড়ে তিনশর বেশি দোকান আছে। এসব দোকানের নিরাপত্তায় পাঁচজন নৈশ প্রহরী আছে। পুলিশের টহল দলও রাতে বাজারে আসে। এর মধ্যে চুরির ঘটনা খুবই দুঃখজনক।”

ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে গৌরনদী মডেল থানার এসআই নুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চোর ধরার চেষ্টা চলছে।”

দ্রুত সময়ের মধ্যে চোর আটকসহ ঘটনার বিস্তারিত জানা যাবে বলে মনে করছেন পুলিশের এ কর্মকর্তা।