কুমিল্লায় জুবায়েরপন্থিদের মহাসড়ক অবরোধ, সাদপন্থিদের নিষিদ্ধের দাবি
“কুমিল্লা জেলার সব মসজিদ থেকে সাদপন্থিদের সব কার্যক্রম নিষিদ্ধ করতে হবে।”
সাদপন্থিদের নিষিদ্ধের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন জুবায়েরপন্থিরা।
কুমিল্লার ‘উলামা মাশায়েখ ও তৌহিদী জনতার’- ব্যানারে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় আলেখার চর এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেন তারা।
তাদের সমাবেশের কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুপাশে যানজট সৃষ্টি হয়। পরে বেলা ১২টার দিকে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা অবরোধকারীদের সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেন।
কুমিল্লার ময়নামতি হাইওয়ে থানার ওসি ইকবাল বাহার মজুমদার বলেন, “সাড়ে ১১টা থেকে প্রায় ৩০ মিনিট মহাসড়কে ছিলেন তারা। পরে আমরা তাদের সরিয়ে দিয়েছি।”
সমাবেশে বক্তব্য রাখেন মুফতী শামছুল ইসলাম জিলানী, মাওলানা মফিজুল ইসলাম ও মুফতি আমজাদ হোসাইনসহ আরও অনেকে। তাবলীগ জামাতে হামলা ও হত্যার ঘটনায় সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচারের দাবিও জানান জুবায়েরপন্থিরা।
এর আগে তুরাগ তীরে বিশ্ব ইজতেমা মাঠ দখলকে কেন্দ্র করে মঙ্গলবার রাত ৩টার দিকে সংঘর্ষে জড়ায় তাবলিগ জামাতের মাওলানা জুবায়ের আহমদ ও দিল্লির মাওলানা সাদ কান্ধলভির অনুসারীরা।
তাতে অন্তত তিনজন নিহত হয়েছেন এবং অনেকে আহত হয়েছেন বলে গাজীপুরের পুলিশ কমিশনার মো. নাজমুল করিম খান জানিয়েছেন।
সংঘর্ষে হতাহতের ঘটনার বিচার ও ময়দান বুঝিয়ে দেওয়ার দাবিতে বুধবার গাজীপুরের শ্রীপুর উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মুলাইদের পল্লী বিদ্যুৎ এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছিলেন মাওলানা জুবায়েরের অনুসারীরা।
বৃহস্পতিবার বিক্ষোভে নেতৃত্ব দেওয়া শামছুল ইসলাম জিলানী বলেন, “রাতের অন্ধকারে সাদপন্থিদের যারা নিরীহ তাবলীগের জামাতের সাথিদের ওপর হামলা চালিয়ে হত্যা করেছে, তাদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসি নিশ্চিত করতে হবে। এছাড়া কুমিল্লা জেলার সকল মসজিদ থেকে সাদপন্থিদের সব কার্যক্রম নিষিদ্ধ করতে হবে।”
ওসি ইকবাল বাহার বলেন, “অবরোধের কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কিছুটা যানজটের সৃষ্টি হয়। অবরোধকারীরা সরে যাওয়ার পর যান স্বাভাবিক হয়েছে।”
আরও পড়ুন:
