২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘আমার সোনার ছেলে চলে গেছে’, এএসপি পলাশের মায়ের বিলাপ

বুধবার সকালে চট্টগ্রামের র‌্যাব-৭ কার্যালয় থেকে পলাশ সাহার গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়।

‘আমার সোনার ছেলে চলে গেছে’, এএসপি পলাশের মায়ের বিলাপ
র‌্যাবের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার পলাশ সাহার অন্ত্যেষ্টিক্রিয়া তার গ্রামের বাড়ি গোপালগঞ্জে সম্পন্ন হয়েছে।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2025, 10:00 PM

Updated : 26 Aug 2026, 12:40 PM

নিজের পিস্তলের গুলিতে আত্মহত্যাকারী র‌্যাবের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার পলাশ সাহার অন্ত্যেষ্টিক্রিয়া তার গ্রামের বাড়ি গোপালগঞ্জে সম্পন্ন হয়েছে। 

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় র‌্যাব কর্মকর্তার মরদেহ গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার পাড়কোনা মহাশ্মশানে নেওয়া হয়। সেখানে তাকে ‘গার্ড অব অনার’ শেষে র‌্যাবের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। দুপুরে সেখানে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। 

পরিবারের সদস্যরা বাড়ির সবচেয়ে ছোট ছেলের এই মর্মান্তিক মৃত্যু মেনে নিতে পারছেন না। তারা অভিযোগ করেন, প্ররোচনা দিয়ে তাকে আত্মহত্যার দিকে ঠেলে দেওয়া হয়েছে। তারা এ ঘটনার বিচার দাবি করেন। 

বুধবার সকালে চট্টগ্রামের র‌্যাব-৭ কার্যালয় থেকে পলাশ সাহার গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। এ সময় পাশ থেকে আগ্নেয়াস্ত্র ও একটি চিরকুট উদ্ধার করে পুলিশ।

পলাশ সাহা গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার তাড়াশী গ্রামের মৃত বিনয় কৃষ্ণ সাহার ছেলে। চট্টগ্রামে তিনি তার স্ত্রী সুস্মিতা সাহা ও মা আরতি সাহাকে নিয়ে বসবাস করতেন।

সকাল সাড়ে ৯টায় র‌্যাব-৬ এর কমান্ডিং কর্মকর্তা কমান্ডার শাহাদাত হোসেনের নেতৃত্বে লাশবাহী ফ্রিজারে করে পলাশ সাহার মরদেহ গ্রামের বাড়ি নিয়ে আসা হয়।

তখন মা আরতী রানী সাহার আহাজারীতে সেখানে এক হৃদবিদারক দৃশ্যের অবতরণা হয়। তিনি ছেলের সাংসারিক বিবাদের প্রসঙ্গ এনে বিলাপ করে বলছিলেন, “আমার সোনার ছেলে প্রাণ দিয়েছে। আমি সন্তান হারিয়েছি। এ শোক সইতে পারছি না। এর বিচার করতে হবে।”

এ সময় সেখানে উপস্থিত পলাশের সহপাঠী, বন্ধু, প্রতিবেশী, স্বজন ও গ্রামবাসীর চোখেও ছিল জল।

সরজমিনে গিয়ে দেখা গেছে, গোপালগঞ্জ-পয়সারহাট সড়কে কোটালীপাড়ার তাড়াশী বাসস্ট্যান্ডের দক্ষিণ পাশে পলাশ সাহার বাড়ি। মেঝে পাকা চারচালা টিনের ঘরের সামনে বসে কাঁদছিলেন বড় বোন রমা সাহা। পাশে মেজো ভাই নন্দলাল সাহা ও বড় ভাই লিটন সাহার স্ত্রী বসে ছিলেন। তাদের চোখে-মুখে ছিল শোক। 

তিন ভাই ও এক বোনের মধ্যে পলাশ ছিল সবার ছোট। গ্রামের বাড়িতে থাকেন তার বড় দুই ভাই লিটন সাহা ও নন্দলাল সাহা। 

নন্দলাল সাহা জানান, পলাশ কোটালীপাড়া থেকে এসএসসি ও এইচএসসি পাশ করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। পাড়াশোনা শেষ করে সাব-রেজিস্ট্রার পদে শুরু করে কর্মজীবন। এরপর বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক, ৩৬তম বিসিএসে শিক্ষা ক্যাডার এবং ৩৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়। 

চাকরি জীবনে পলাশ পুলিশের বিশেষ শাখা (এসবি) এবং শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন বিভাগে দায়িত্ব পালন করেছেন। জুলাই অভ্যুত্থানের পর তাকে র‌্যারে বদলি করা হয়। তারপর থেকে পলাশ সেখানে কর্মরত ছিলেন।

দুই বছর আগে পলাশ ফরিদপুর শহরের বাসস্ট্যান্ড সংলগ্ন চৌধুরীপাড়ার বাসিন্দা সুস্মিতা সাহাকে বিয়ে করেন। বিয়ের ছয় মাস পর থেকেই তাদের মধ্যে মনোমালিন্য দেখা দেয় বলে ভাই নন্দলাল সাহা জানান। 

তিনি হতাশা ব্যক্ত করে বলছিলেন, “আমি নিজেও ৩৬তম বিসিএসে লিখিত পরীক্ষা দিয়েছিলাম। যখন পলাশের একের পর এক চাকরি হচ্ছিল তখনই সিদ্ধান্ত নিলাম আমি চাকরি করব না; উদ্যোক্ত হব। তাই ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসি।

“ভাই চলে গেল, আমাদের সবকিছু শেষ হয়ে গেল। ছোট ভাইটা চলে গেল আর সংসারের সবাইকে সাগরে ভাসিয়ে গেল।”

তাড়াশী গ্রামের প্রতিবেশী শিব পোদ্দার, সুজিত সাহা বলছিলেন, পলাশ সাহার এমন মৃত্যু তারা মেনে নিতে পারছেন না। পলাশের মতো নিরীহ ও মেধাবী ছেলে এই গ্রামে ছিল না। গ্রামের যুবকরা তাকে অনুসরণ করত। 

পলাশের বন্ধু ইকবাল হাসান বলেন, “পলাশ আমার বাল্যবন্ধু। লেখাপড়ায় অত্যন্ত মেধাবী ছিল। বন্ধুদের সঙ্গে আন্তরিকভাবে মিশত। তার অকাল মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছি না। এটা অত্যন্ত দুঃখজনক, অসহনীয় বাস্তবতা।” 

পলাশ সাহার মরদেহের পাশ থেকে যে চিরকুট উদ্ধার করা হয়েছে সেখানে মৃত্যুর জন্য নিজেকে ছাড়া আর কেউ দায়ী করেননি তিনি।

চিরকুটে লেখা আছে, “আমার মৃত্যুর জন্য মা এবং বউ কেউ দায়ী না। আমিই দায়ী, কাউকে ভালো রাখতে পারলাম না।”

ওই চিরকুটে নিজের মাকে দেখে রাখার কথাও লিখে গেছেন ওই র‌্যাব কর্মকর্তা।

তিনি লিখেছেন, “বউ যেন সব স্বর্ণ নিয়ে যায় এবং ভালো থাকে। মায়ের দায়িত্ব দুই ভাইয়ের উপর। তারা যেন মাকে ভালো রাখে। স্বর্ণ বাদে যা আছে তা মায়ের জন্য। দিদি যেন কো-অর্ডিনেট করে।”

র‌্যাব-৭ এর হোয়াটসআপ গ্রুপে এক বার্তায় বলা হয়েছে, এ দিন সকাল সাড়ে ১০টার দিকে সিনিয়র সহকারী পুলিশ সুপার পলাশ সাহা অভিযানের প্রস্তুতি নেওয়ার সময় অস্ত্র ইস্যু করে নিজের অফিস কক্ষে প্রবেশ করেন।

“কিছু সময় পর গুলির শব্দ শুনে দায়িত্বরত অন্যান্য র‌্যাব সদস্যরা সেখানে গিয়ে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় সুপার পলাশ সাহাকে পড়ে থাকতে দেখেন।”

আরও পড়ুন:

র‍্যাব কার্যালয়ে কর্মকর্তার গুলিবিদ্ধ লাশ, পড়ে ছিল অস্ত্র ও চিরকুট

গৃহবিবাদ থেকে এএসপি পলাশের 'আত্মহত্যা', ধারণা ভাইয়ের