কেএমপি কমিশনারের অপসারণ দাবিতে এবার রূপসা সেতু অবরোধ
প্রায় আড়াই ঘণ্টার অবরোধে সেতুর দুই পাশে শত শত যানবাহন আটকে দুর্ভোগে পড়েন যাত্রীরা।
খুলনা মহানগর পুলিশ কমিশনার মো. জুলফিকার আলী হায়দারের অপসারণ দাবিতে এবার খানজাহান আলী সেতুর (রূপসা) টোল প্লাজা অবরোধ করে বিক্ষোভ করেছেন আন্দোলনকারীরা।
মঙ্গলবার বেলা ৩টার দিকে বিকেল সাড়ে ৫টার পর্যন্ত সেতু অবরোধ করে বিক্ষোভ করা হয়। এতে সেতুতে যান চলাচল বন্ধ হয়ে দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা।
এ ছাড়া সেতুর দুই পাশে বাস, ট্রাক, প্রাইভেট কারসহ শত শত যানবাহন আটকে পড়ে। তবে এ সময় আশপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাউকে দেখা যায়নি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের খুলনা জেলার সদস্যসচিব সাজিদুল ইসলাম বাপ্পী বলেন, “২৪ ঘণ্টার মধ্যে কেএমপি কমিশনারকে অপসারণের বিষয়ের সুরাহা না হলে বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত নগরের সব শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে রাজপথ ব্লকেড করা হবে।
“এ ছাড়া শুক্রবার ও শনিবারের মধ্যে কোনও সমাধান না হলে রোববার থেকে সড়কপথ, রেলপথ ও নৌপথ একযোগে অবরোধ করা হবে।”
বিকাল সাড়ে ৫টার দিকে বৈরি আবহাওয়া ও জনভোগান্তির বিষয়টি বিবেচনায় রেখে কর্মসূচি শেষ করে চলে যান আন্দোলনকারী।
গত ২৫ জুন থেকে কেএমপি কমিশনারের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়। টানা দুই দিনের কর্মসূচি শেষে বৃহস্পতিবার রাতে তারা কেএমপি কমিশনার অপসারণে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দেন।
নির্ধারিত সময়সীমা পার হয়ে যাওয়ার পর শনিবার থেকে আবার কেএমপি সদর দপ্তরের সামনে অবস্থান নেন তারা। এতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশ, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা অংশ নেন।
ওইদিন সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের খুলনা প্রেস ক্লাবে আসার খবর পেয়ে প্রেস ক্লাবের প্রধান ফটকে অবস্থান নেন আন্দোলনকারীরা। পরে প্রেস সচিবের সঙ্গে তাদের আলোচনা হয়।
সেদিন ২৪ ঘণ্টার মধ্যে পুলিশ কমিশনারকে অপসারণ না করা হলে খুলনার আটটি থানা, দুই উপকমিশনারের কার্যালয় ও কেএমপি সদর দপ্তর ঘেরাও করে শহর অচল করে দেওয়া ঘোষণা দেন আন্দোলনকারীরা।
সোমবারও কেএমপি সদর দপ্তরের সামনে বিক্ষোভ করেছেন আন্দোলনকারীরা। সেখানে থেকে তারা মঙ্গলবার রূপসা সেতুর টোল প্লাজায় ‘ব্লকেড’র ঘোষণা দেন।
বিক্ষোভকারীদের অভিযোগ, ২৪ জুন খুলনা নগরের ইস্টার্ন গেইট এলাকা থেকে স্থানীয় লোকজন ও বিএনপির নেতাকর্মীরা এসআই সুকান্ত দাসকে আটকের পর মারধর করে পুলিশে হস্তান্তর করেন। পরে রাতেই তাকে ছেড়ে দেয় পুলিশ। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে আন্দোলনে নামেন তারা।
কেএমপি কমিশনার জুলফিকার আলী হায়দারসহ কয়েকজন কর্মকর্তার হস্তক্ষেপে সুকান্তকে ছেড়ে দেওয়া হয়েছেন বলে অভিযোগ করেন আন্দোলনকারীরা।
পরে এসআই সুকান্তকে চুয়াডাঙ্গা থেকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, গত বছরের জুলাইয়ে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগ এসআই সুকান্তর বিরুদ্ধে ২০২৪ সালের ১২ ডিসেম্বর খুলনা সদর থানায় একটি মামলা হয়। এ ছাড়া তার বিরুদ্ধে বিএনপির খুলনা মহানগর সভাপতি শফিকুল আলম মনার বাড়ি ভাঙচুরসহ আরও দুটি মামলা রয়েছে।
