১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘র‌্যাব দেখে’ নদীতে ঝাঁপ মাদকের আসামির, পরে মৃত্যু

“কামারখন্দ উপজেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2025, 12:36 PM

Updated : 26 Aug 2026, 02:15 PM

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় র‌্যাবের সদস্যদের দেখে নদীতে ঝাঁপ দেন মাদক মামলার এক আসামি। পরে হাসপাতালে তার মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ।   

রোববার সন্ধ্যায় উপজেলার ডিডি শাহবাজপুর গ্রামে ফুলজোড় নদীতে এ ঘটনা ঘটে বলে জানান কামারখন্দ থানার ওসি আব্দুল লতিফ।

মৃত ২৪ বছর বয়সী শাওন রেজা ওই গ্রামের নুরুল ইসলাম মোল্লার ছেলে।

তার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

ওসি আব্দুল লতিফ বলেন, “রোববার সন্ধ্যায় র‌্যাব-১২ একটি দল মাদক উদ্ধারে ওই এলাকায় অভিযানে যায়। ওই সময় শাওন তাদের দেখে পালাতে গিয়ে বাড়ির পাশের ফুলজোড় নদীতে ঝাঁপ দেয়।

“সেখান থেকে উদ্ধারের পর কামারখন্দ উপজেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

শাওন রেজার বিরুদ্ধে আগের একটি মাদক মামলা রয়েছে জানিয়ে ওসি বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।