ফরিদপুরে মাহেন্দ্র ভাঙচুর-চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার
মাহেন্দ্র স্ট্যান্ডে চাঁদা না পেয়ে ১৬টি গাড়ি ভাঙচুর ও চালকদের মারধরের ঘটনায় সাতজনকে আসামি করা হয়েছে।
ফরিদপুর শহরে মাহেন্দ্র স্ট্যান্ডে চাঁদা না পেয়ে ১৬টি গাড়ি ভাঙচুর ও চালকদের মারধরের ঘটনায় করা মামলায় যুবদলের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া গ্রেপ্তার হয়েছেন আরও এক আসামি।
বুধবার সকালে শহরের ওয়ারলেস পাড়া থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান ফরিদপুর কোতোয়ালি থানার এসআই সাহেব আলী।
গ্রেপ্তাররা হলেন- ফরিদপুর জেলা যুবদলের সহসভাপতি মাসুদুর রহমান লিমন এবং আনন্দ শুভ্র রায়। মামলায় লিমন ৬ নম্বর এবং আনন্দ ৭ নম্বর আসামি।
এর আগে মঙ্গলবার বিকালে মাহেন্দ্র স্ট্যান্ডে ভাঙচুরের ঘটনায় রাতে সাতজনের নামসহ অজ্ঞাতপরিচয় আরও কয়েকজনকে আসামি করে মামলা করেন ফরিদপুর জেলা মাহেন্দ্র মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই সাহেব আলী বলেন, এ মামলায় এখন পর্যন্ত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।
মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে শহরের ভাঙ্গা রাস্তার মোড় এলাকায় মাহেন্দ্র স্ট্যান্ডে লাঠিসোঁটা নিয়ে হামলা চালায় একদল লোক। এ সময় ১৬টি মাহেন্দ্র গাড়ি ভাঙচুর এবং বাধা দেওয়ায় কয়েকজন চালককে মারধর করে আহত করা হয়। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন।
মাহেন্দ্র মালিক সমিতির নেতাদের অভিযোগ, ৫ অগাস্টের পর থেকে জেলা যুবদলের সহসভাপতি মাসুদুর রহমান লিমনের নেতৃত্বে স্ট্যান্ড থেকে প্রতিটি ট্রিপে ৫০ টাকা করে চাঁদা আদায় করা হচ্ছিল। ১৫ দিন ধরে মালিকরা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ক্ষুব্ধ হয়ে যাত্রী ওঠানো নিয়ে কথা-কাটাকাটির জেরে মাহেন্দ্র স্ট্যান্ডে হামলা চালানো হয় বলে দাবি মালিক সমিতির।
