ফরিদপুরে মাহেন্দ্র স্ট্যান্ডে হামলা চালিয়ে ১৬ গাড়ি ভাঙচুর, আহত ১০
“শ্রমিকরা চাঁদা দিতে রাজি হচ্ছিলেন না। এজন্য পরিকল্পিতভাবে তাদের ওপর হামলা চালানো হয়েছে।”
ফরিদপুর সদর উপজেলায় মাহেন্দ্র স্ট্যান্ডের হামলা চালিয়েছে একদল লোক। এ সময় ১৬টি মাহেন্দ্র ভাঙচুর করা হয়; বাধা দিলে ১০ চালককে মারধর করেন হামলাকারীরা।
হামলাকারীরা ফরিদপুর জেলা যুবদলের সহ-সভাপতি মাসুদুর রহমানের পক্ষের লোকজন বলে দাবি মাহেন্দ্র চালকদের। তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন এই যুবদল নেতা।
মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে শহরের ভাঙ্গা রাস্তার মোড় এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান ফরিদপুর কোতোয়ালি থানার ওসি মো. আসাদুউজ্জামান।
আহতদের মধ্যে রাইফুল আলম, মামুন মণ্ডল, সলেমান শেখ ও মোতালেব মল্লিককে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তবে তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
এলাকাবাসী ও মাহেন্দ্র চালকরা জানান, শহরের হাজরাতলার মোড় এলাকায় সালথাগামী মাহেন্দ্র স্ট্যান্ড এবং অপরদিকে ভাঙ্গা রাস্তার মোড়ে কানাইপুরগামী মাহেন্দ্রের স্ট্যান্ড। সালথার গাড়ি কানাইপুর স্ট্যান্ড অতিক্রম করার সময় সেখানে দাঁড়াতে দেওয়া হয় না।
তবে মঙ্গলবার সড়কে যানজট থাকায় সালথার একটি মাহেন্দ্র কানাইপুর স্ট্যান্ড এলাকায় আটকা পড়ে। এ সময় ওই মাহেন্দ্র চালককে মারধর করে সেখানে আটকে রাখা হয়। খবর পেয়ে ২৫ থেকে ৩০ জন বহিরাগত ভাঙ্গা রাস্তার মোড়ে গিয়ে শ্রমিকদের পিটিয়ে আহত ও বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করেন।
মাহেন্দ্র চালকদের অভিযোগ, যুবদল নেতা মাসুদুর রহমানের অনুসারী শাহীন হাওলাদারের নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটেছে। কয়েকমাস ধরে শাহীন বেশকিছু যুবককে নিয়ে মাহেন্দ্র স্ট্যান্ডটি দখলের চেষ্টা চালিয়ে আসছিলেন।
মাহেন্দ্র চালক লিয়াকত আলী বলেন, “দীর্ঘদিন ধরে যুবদল নেতা মাসুদুর রহমান ও শাহীন হাওলাদার মাহেন্দ্র স্ট্যান্ডের দখল নিতে চেষ্টা করছেন। স্ট্যান্ড দখল নিতে না পারলেও তারা প্রতিদিন জোরপূর্বক মাহেন্দ্র প্রতি ৫০ থেকে ১০০ করে টাকা নেন।
“শ্রমিকরা চাঁদা দিতে রাজি হচ্ছিলেন না। এজন্য পরিকল্পিতভাবে প্রতিশোধ নেওয়ার জন্য তাদের ওপর হামলা চালানো হয়েছে।”
মাহেন্দ্র চালক রানা সরদার বলেন, বিকালে বেশ কিছু ব্যক্তি দেশি অস্ত্র নিয়ে মাহেন্দ্র স্ট্যান্ডে হামলা চালায়। এ সময় তারা মাহেন্দ্রগুলো ভাঙচুর করতে থাকে। বাঁধা দিলে অন্তত ১০ জনকে পিটিয়ে গুরুতর আহত করে হামলাকারীরা।
হামলার বিষয়ে জানতে শাহীন হাওলাদারের মোবাইলে ফোন করা হলে তার নম্বরটি বন্ধ পাওয়া যায়।
তবে যুবদল নেতা মাসুদুর রহমান বলেন, “আমি শ্রমিক রাজনীতি করি না। মাহেন্দ্র শ্রমিকদের নিজেদের মধ্যে ঝামেলা হয়েছে শুনেছি। এ নিয়ে আমাকে জড়ানো রাজনৈতিক প্রতিপক্ষের কাজ।”
শাহীন আমার কেউ না দাবি করে তিনি বলেন, “আগামীতে পৌরসভা নির্বাচনে কাউন্সিলার পদে আমি প্রতিদ্বন্দ্বিতা করব। এ জন্য দলের একটি অংশ আমার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে।”
ফরিদপুর জেলা মাহেন্দ্র শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আব্দুল হাকিম বলেন, “আমরা নাকি ফ্যাসিবাদের দোসর। একথা বলে আমাদের স্ট্যান্ড দখল করার চেষ্টা করা হচ্ছে। আজকের হামলা সেই পরিকল্পনারই অংশ।”
ফরিদপুর জেলা যুবদলের সভাপতি মো. রাজিব হোসেন বলেন, “এ বিষয়ে আমি কিছু জানি না। যদি কেউ এমন ঘটনা ঘটিয়ে থাকে তাহলে তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”
ওসি আসাদুউজ্জামান বলেন, হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। তবে এ ঘটনায় রাত সাড়ে ৯টা পর্যন্ত কেউ থানায় কোনো অভিযোগ করেনি।
