হামলায় আহত জামায়াত নেতার মৃত্যু, তোপের মুখে বিএনপি নেতারা
লক্ষ্মীপুর বিএনপির দাবি, স্থানীয় ঘটনা নিয়ে দুই পক্ষের মধ্যে ঝামেলা হয়েছে; এটি রাজনৈতিক কোনও ইস্যু নয়।
পূর্ব বিরোধের জেরে লক্ষ্মীপুর সদর উপজেলায় প্রতিপক্ষের হামলায় আহত জামায়াতে ইসলামীর এক নেতার মৃত্যু হয়েছে। এ ঘটনায় জামায়াতের নেতাকর্মীদের তোপের মুখে পড়েছেন বিএনপি নেতারা।
শুক্রবার বিকালে উপজেলার বাঙ্গাখাঁ ইউনিয়নের রাজিবপুর এলাকায় মৃতের জানাজার নামাজের সময় দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
বৃহস্পতিবার সকালে হামলায় আহত জামায়াত নেতা সন্ধ্যায় মারা যান বলে জানান লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি মো. আবদুল মোন্নাফ।
মৃত কাউছার আহমেদ মিলন (৬০) ওই এলাকার প্রয়াত মমিন উল্যার ছেলে। তিনি বাঙ্গাখাঁ ইউনিয়ন জামায়াতের ওলামা বিভাগের ১ নম্বর ওয়ার্ডের সভাপতি এবং স্থানীয় একটি মসজিদের ইমাম ছিলেন।
এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে ব্যাপক সমালোচনা হচ্ছে। বিএনপি নেতাদের দাবি, স্থানীয় ঘটনা নিয়ে দুই পক্ষের মধ্যে ঝামেলা হয়েছে। এটি রাজনৈতিক কোনও ইস্যু নয়।
বিকালে জানাজায় জামায়াতের ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি মুহাম্মদ রেজাউল করিম ও লক্ষ্মীপুর জেলা জামায়াতের সেক্রেটারি ফারুক হোসাইন নুরনবীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এতে অংশ নেন বিএনপির জেলা কমিটির সদস্যসচিব সাহাবুদ্দিন সাবু ও যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান। মিলনের ওপর হামলাকারীরা বিএনপি নেতাকর্মী বলে অভিযোগ তুলে তাদের দলে রাখা নিয়ে প্রশ্ন তোলেন জামায়াতের নেতাকর্মীরা। এক পর্যায়ে তারা জড়িতদের বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
মিলনের স্বজনদের অভিযোগ, বৃহস্পতিবার সকালে একই এলাকার রিয়াজ হোসেন বাবলুর লোকজনের সঙ্গে মিলনের ভাই আলতাফ হোসেন আরজুর মারামারি হয়। এতে মিলনসহ চারজন আহত হন। তারা সদর হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়িতে চলে যান।
বিকালে মিলন অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নেওয়ার পথে সন্ধ্যায় তিনি মারা যান। স্বজনদের দাবি, মারধরের কারণে তিনি মারা গেছেন।
স্থানীয়রা জানান, দেড় মাস আগে এলাকায় মিলনের ভাতিজার নামে একটি টিউবওয়েল চুরির অভিযোগ ওঠে। সেই ঘটনায় বৃহস্পতিবার সকালে বাবলু তাকে আটক করেন। খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে নিয়ে যান। সেই সময় উভয়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।
পরে দুপুর ১২টার দিকে উভয়পক্ষের মধ্যে আবর মারামারির ঘটনা ঘটে। উভয়পক্ষ হাসপাতালে চিকিৎসা নেয়। এ ঘটনায় বাবলু সদর থানা অভিযোগ করেন। আর ঘটনার প্রায় পাঁচ ঘণ্টা পর মিলন মারা যান।
বাবলু বলেন, “মিলনের ভাতিজা মসজিদের টিউবওয়েল চুরি করে পালিয়ে গিয়েছিল। তাকে আটক করলে মিলনের ভাই আরজু আমাকে মারধর করেন। এ ঘটনায় আরজুর সঙ্গে আমার ঝামেলা হয়েছে। মিলনের সঙ্গে আমাদের কোনও কিছুই হয়নি। তবে সন্ধ্যায় মিলন মারা গেছেন বলে শুনেছি।”
মিলনকে হত্যা করা হয়েছে দাবি করে জামায়াত নেতা রেজাউল করিম বলেন, “যারা তাকে হত্যা করেছে, তাদের কোনো রাজনৈতিক পরিচয় থাকতে পারে না। তারা সন্ত্রাসী। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানাই।”
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান বলেন, “স্থানীয় ঝামেলা নিয়ে দুপক্ষের মধ্যে মারামারি হয়েছে। এটা কোনও রাজনৈতিক ইস্যু নয়। মারামারি হয়েছে সকালে আর তিনি মারা গেছেন সন্ধ্যায়।
“আমরা শুনেছি, এর আগেও তিনি দুইবার স্ট্রোক করেছিলেন। এবারও স্ট্রোক করে মারা যেতে পারেন।”
তবে এ ঘটনায় দলের তরফে তিন সদস্যের তদন্ত কমিটি গঠনের কথাও বলেন তিনি।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) অরুপ পাল বলেন, মৃতের ময়নাতদন্ত করা হয়েছে। তবে কী কারণে তিনি মারা গেছেন তা বলা যাচ্ছে না। প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।
ওসি আবদুল মোন্নাফ বলেন, মিলনের মৃত্যুর ঘটনায় তদন্ত চলছে। তবে তার পরিবারের পক্ষ থেকে এখনও কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
